২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোনো অপরাধীকেই ছাড় নয় : সাহারা

কোনো অপরাধীকেই ছাড় না দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2010, 02:34 PM

Updated : 25 Aug 2022, 12:26 PM

সিলেট, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কোনো অপরাধীকেই ছাড় না দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে আইন-শৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসনকে তিনি এই নির্দেশ দেন। সাহারা বলেন, "অপরাধী যে দলেরই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, দলের কর্মী-সমর্থক বলে কোনো কথা নেই। "কাউকেই কোনো ছাড় দেওয়া যাবে না। কেউ চাপ সৃষ্টি করলে প্রয়োজনে আমাকে জানাবেন"। মন্ত্রী, এমপি কিংবা রাজনৈতিক দলের কোনো নেতার আত্মীয়-স্বজন অপরাধী হলে তাকেও আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ দেন তিনি। মন্ত্রী বলেন, "বর্তমানে দেশের বিভিন্ন স্থানে জোরপূর্বক জমি, ভূমি ও বাড়ি দখল চলছে। ভূমিদস্যুতার অভিযোগ পাওয়া গেলে জড়িতদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করতে হবে।" সভায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, গত মে মাসে জেলায় দু'টি খুন, ১৩টি ধর্ষণ, ২৫টি নারী ও শিশু নির্যাতন, দু'টি অপহরণসহ মোট ২১৮টি অভিযোগ দায়ের করা হয়েছে। মেট্টোপলিটন এলাকায় দায়ের করা হয়েছে একটি ডাকাতি, চারটি দস্যুতা ও দুটি খুনসহ মোট ১৪৫টি মামলা। জেলা প্রশাসক সাজ্জাদুল হাসানের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সাংসদ দেওয়ান ফরিদ গাজী, সিলেট রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোশারফ হোসেন, সিলেটের বিভাগীয় কমিশনার গোলাম রব্বানী, সিলেট মহানগর পুলিশ কমিশনার আফতাব আহমদ, সিলেটের বিডিআর সেক্টর কমান্ডার কর্নেল নিয়ামুল, র‌্যাব-৯ এর ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার মেজর ইউসুফ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এসএএ/এইচএ/২১২৬ ঘ.