নোয়াখালী, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানিগঞ্জে শনিবার ঝড়ে একটি ট্রলারডুবিতে দুইজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো একজন।
সকাল ৯টার দিকে উপজেলার বামনীয়া নদীর হেঞ্জু মাঝির ঘাট এলাকায় ৫০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়।
১১টার দিকে নূরে মাওলা (৪০) ও সেকান্দরের (৫৫) লাশ উদ্ধার করে স্থানীয়রা। নিখোঁজ রয়েছেন ট্রলারের চালক নুর আহমদ। বাকি সবাই নিরাপদে আছেন।
চরএলাহী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল খালেক জানান, ভিজিএফ এর চাল সংগ্রহের জন্য ট্রলারে করে তারা গাংচিল আবাসন প্রকল্প থেকে ইউনিয়ন পরিষদে আসছিলেন। এলাকাবাসীর সহায়তায় সব যাত্রী কূলে উঠতে সক্ষম হয়।
এদের মধ্যে রুহুল আমিন (৪০), মোশারেফ হোসেন (২৮), মনিজা খাতুন (৫৫), কহিনুর (২৮), ফারুক (৩২), সিরাজ আলম (৩১), ফাতেমা বেগমসহ (৩৫) অন্তত ২০ জনকে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত দু'জনের লাশ দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকের পরিবারকে নগদ দুই হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
অতিরিক্ত যাত্রী নেওয়া এবং বৈরি আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে যায় বলে তিনি জানান।
কোম্পানিগঞ্জ থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৮৫০ ঘ.
bdnews24