২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় দুই অস্ত্র ব্যবসায়ী আটক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। এসময় র‌্যাবের গুলিতে একজন আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2010, 06:13 AM

Updated : 25 Aug 2022, 12:28 PM

কুষ্টিয়া, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। এসময় র‌্যাবের গুলিতে একজন আহত হয়। দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামে শুক্রবার রাত ৮টার দিকে এই অভিযান চালানো হয় বলে র‌্যাব জানায়। আটক দুজন হলো মহিষকুন্ডি গ্রামের মিরেরপাড়ার রুস্তম আলীর ছেলে সাহাজুল আলী (৩৪) ও একই গ্রামের রাজিউদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩৫)। র‌্যাব-১২ এর কুষ্টিয়া ইউনিটের মেজর জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহিষকুন্ডি গ্রামের মোয়াজ্জেম হোসেনের বাড়িতে কয়েকজন সন্ত্রাসী অস্ত্র কেনা-বেচা করছে- এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে ওই গ্রামে অভিযান চালায় র‌্যাবের একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলে দুই রাউন্ড গুলি চালায় র‌্যাব সদস্যরা। মেজর জাকির জানান, এসময় র‌্যাব সদস্যরা সন্ত্রাসীদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ সাহাজুল ও মোয়াজ্জেম র‌্যাবের হাতে ধরা পড়লেও অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মেজর জাকির আরো জানান, গুলিবিদ্ধ সাহাজুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মোয়াজ্জেমকে শনিবার দৌলতপুর থানায় সোপর্দ করা হবে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, র‌্যাবের হাতে আটক দুই জনই অস্ত্র ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২০৭ ঘ.