২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিমেক হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি

চিকিৎসক লাঞ্ছিত করার প্রতিবাদে এবং তিনদফা দাবিতে শুক্রবার থেকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2010, 03:04 PM

Updated : 25 Aug 2022, 12:23 PM

দিনাজপুর, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসক লাঞ্ছিত করার প্রতিবাদে এবং তিনদফা দাবিতে শুক্রবার থেকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। একজন রোগীর মৃত্যুর ঘটনায় স্বজনরা চিকিৎসককে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। অপরদিকে স্বজনদের অভিযোগ চিকিৎসকরাই তাদের মারধর করেছেন। এদিকে চিকিৎসকদের আক্রমণে দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলে অভিযোগ করেছে পুলিশ। চিকিৎসকদের তিনদফা দাবি হলো- চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বহিরাগতদের হাসপাতালে প্রবেশ নিষিদ্ধকরণ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইফতেখার হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার বোচাগঞ্জ উপজেলার ওমর ফারুক (২৪) নামের এক তরুণ বিষপানে অসুস্থ হয়ে হাসপাতালে আসেন। শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। এ সময় রোগীর স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ করে শিক্ষানবিশ চিকিৎসক সাইফুল ইসলামকে লাঞ্ছিত করে। এর প্রতিবাদে এবং তিনদফা দাবি বাস্তবায়নের দাবিতে তারা শুক্রবার বিকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এদিকে রোগীর ভাই বাইদুল ইসলাম চিকিৎসক লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করে বলেন, রোগীর মৃত্যুর পর চিকিৎসকের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। এতে উল্টো চিকিৎসকরাই তিনিসহ আরও ৪/৫ জনকে মারধর করেছেন। চিকিৎসকের অবহেলার কারণেই তার ভাইয়ের মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন। সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সদর সার্কেল) সঞ্জিত কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাক্তারদের আচরণ ভাল ছিল না। তারা পুলিশের দুই সদস্যকে আহত করেছেন। এ ব্যাপারে দিমেক হাসপাতালের পরিচালক ডা. শামসুল আলম বলেন, "আমি জেলার বাইরে অবস্থান করছি। তবে ইন্টার্নি ডাক্তারদের কর্মবিরতির বিষয়টি শুনে স্থানীয় সংসদ সদস্যকে বিষয়টি জানিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৬ ঘ.