২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুরের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ

বন্ধ করে দেওয়া দৈনিক আমার দেশ এর কারাবন্দি ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2010, 07:58 AM

Updated : 25 Aug 2022, 12:24 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধ করে দেওয়া দৈনিক আমার দেশ এর কারাবন্দি ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার আইনজীবীরা। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তার আইনজীবী ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম এই উদ্বেগের কথা তুলে ধরেন। ব্যারিস্টার অসীম বলেন, "আমি গতকাল কারাগারে মাহমুদুর রহমানের সঙ্গে দেখা করেছি। তিনি আমাকে জানিয়েছেন, রিমান্ডে নিয়ে নির্যাতন করায় তার শরীরের ওজন কমে গেছে। "গত ২ জুন গ্রেপ্তার করে কারাগারে নেওয়ার পর তার ওজন লিপিবদ্ধ করা হয় ৭০ কেজি। গত মঙ্গলবার আবার মেপে দেখা গেছে তার ওজন সাত কেজি কমে ৬৩ কেজিতে দাঁড়িয়েছে। আমরা তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন।" অসীম অভিযোগ করে বলেন, রিমান্ডে নেওয়ার বিষয়ে হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও নিু আদালত তা মানছে না। এটা আদালত অবমাননাকর। "আমরা শিগগির-ই এ ব্যাপারে মামলা করবো।" মাহমুদুর রহমান উচ্চ রক্তচাপ, কোমরে ব্যথা ও চর্ম রোগসহ নানা রোগে আক্রান্ত জানিয়ে তিনি তার উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে স্থানান্তরের দাবি জানান। ব্যারিস্টার অসীম আরও জানান, ইতিমধ্যে মাহমুদুরের উন্নত চিকিৎসার জন্য কারা কর্তৃপক্ষ ও আদালতের কাছে একটি আবেদনও করা হয়েছে। গত ১ জুন গভীর রাতে কারওয়ান বাজারে আমার দেশ কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ পাঁচটি মামলা রয়েছে। পুলিশ তাকে ৮ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। সংবাদ ব্রিফিংয়ে মাহমুদুরের আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল এবং কায়সার কামান উপস্থিত ছিলেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/