সাভার, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ধামরাই উপজেলার দক্ষিণ পাড়া মহল্লায় একটি নকল জুস তৈরি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ডলফিন করপোরেশন নামে ওই কারখানা থেকে নকল জুস ও জুস তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো-কারখানার ব্যবস্থাপক সোহেল, বিপণন কর্মকর্তা ইমদাদুল ইসলাম ও বাসুদেব কুমার দে।
পুলিশ জানায়, বিভিন্ন উপকরণ দিয়ে নকল জুস তৈরি করে বোতলের গায়ে নামী কোম্পানির লেবেল লাগিয়ে বাজারজাত করতেন তারা। ট্রাকের করে এসব জুস সরবরাহের জন্য নিয়ে যাওয়ার সময় সেগুলো আটক করা হয়েছে।
ধামরাই থানার ওসি এস এম আলমগীর হোসেন জানান, কারখানাটি সাভারের হেমায়েতপুরে ছিলো। নকল জুস তৈরির অভিযোগে কিছুদিন আগে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। এরপর ধামরাইয়ে কারখানাটি নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে ধামরাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/২০৫৯ ঘ.
bdnews24