সিরেট, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজানের পাহাড়ি ঢল ও অবিরাম বর্ষণে সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।
১২টির মধ্যে নয় উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জকিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায় কয়েকটি এলাকা নতুন করে প্লাবিত হলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
জেলার বিয়ানীবাজার, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা, গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, কোম্পানীগঞ্জ, বিশ্বনাথ ও জৈন্তাপুর উপজেলার প্রায় সাড়ে চার লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জেলা বন্যা নিয়ন্ত্রণ কক্ষ।
বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানির সঙ্কট ও ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে।
জেল বন্যা নিয়ন্ত্রণ কক্ষ জানায়, জেলায় প্রায় ৬ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিভিন্ন এলাকায় সরকারিভাবে ২৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
এর মধ্যে রয়েছে বিয়ানীবাজারে ১৬টি, বালাগঞ্জে একটি, ফেঞ্চুগঞ্জে দুইটি, গোলাপগঞ্জে দুইটি ও দক্ষিণ সুরমায় দুইটি।
বন্যা নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলার ১২ টি উপজেলার মধ্যে ১১টিতে বন্যা দেখা দিয়েছে। ওইসব এলাকায় পানি বাড়ছে।
জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও বিশ্বনাথ উপজেলার আরো নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।
তিনি জানান, এ পর্যন্ত বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ৩৫৯ মেট্রিকটন চাল ও নগদ ৭ লাখ ৪৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ৬৭০ পিস শাড়ি ও ৭৫ পিস লুঙ্গি বিতরণ করা হয়। ২৩টি আশ্রয়কেন্দ্রে এক হাজার ৬শ' ৫৩ জন লোক আশ্রয় নিয়েছে।
জেলায় এ পর্যন্ত দুই হাজার ৩শ' হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি জানান।
সিলেটের প্রধান দু'টি নদী সুরমা ও কুশিয়ারার পানি বৃহস্পাতিবার আরো বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মো. হেলাল উদ্দিন জানান, বিকাল ৩টায় সুরমার পানি সিলেট পয়েন্টে বিপদ সীমার ২৫ সেন্টিমিটার, কানাইঘাট পয়েন্টে ১ দশমিক ৫৭ মিটার , কুশিয়ারার জকিগঞ্জের অমলসিদ পয়েন্টে ১ দশমিক ২২ মিটার ও বিয়ানীবাজারে শেওলা পয়েন্টে ৯৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো।
তিনি আরো জানান, বৃহস্পতিবার সিলেটে ৬৬ মিলিমিটার, কানাইঘাটে ৫৩ মিলিমিটার ও বিয়ানীবাজারে ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৪ ঘ.
bdnews24