চট্টগ্রাম, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বে থাকা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করা হয়েছে।
বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী এম. মনজুর আলমের প্রধান নির্বাচনী সমন্বয়ক আমীর খসরু মাহমুদ চৌধুরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তাকে প্রত্যাহার করে প্রশাসন।
প্রত্যাহার করা নির্বাহী ম্যাজিস্ট্রেট হলেন- সালেহীন তানভীর গাজী। তিনি চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট। নগরীর উত্তর-দক্ষিণ কাট্টলীতে দায়িত্ব পালন করছিলেন তিনি।
সালেহীন তানভীর গাজী আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডীন অধ্যাপক গাজী সালেহ উদ্দিন আহমেদের ছেলে- এমন তথ্য উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ আনেন।
মহানগরে দায়িত্বপালনরত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সম্বয়কারী মো. ফিজনূর রহমান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী'র অভিযোগের প্রেক্ষিতে তানভীর গাজীকে প্রত্যাহার করা হয়েছে।
তার জায়গায় চট্টগ্রামের সহকারী কমিশনার (ভূমি) আশফাকুল ইসলাম চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান।
গত ৩ জুন থেকে পর্যায় ক্রমে ৪১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়। এছাড়া মহাগনরের ছয়টি থানায় দুজন করে মোট ১২ জন বিচার বিভাগীয় হাকিম দায়িত্ব পালন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএইচসি/এসএএ/এমএসবি/২০৪৯ ঘ.
bdnews24