২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় 'নিরাপত্তা বাহিনীতে' আপত্তি নেই ঢাকার

পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি বলেছেন, ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা নিশ্চিতে সেদেশের কোনো নিরাপত্তা বাহিনী মোতায়েনে 'কূটনৈতিকভাবে' কোনো অসুবিধা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2010, 05:36 PM

Updated : 25 Aug 2022, 12:05 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি বলেছেন, ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা নিশ্চিতে সেদেশের কোনো নিরাপত্তা বাহিনী মোতায়েনে 'কূটনৈতিকভাবে' কোনো অসুবিধা নেই। তবে তিনি জানান, সরকার এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। (বিস্তারিত) ঢাকায় ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা নিশ্চিতে সেদেশের নিরাপত্তা বাহিনী মোতায়েনের অনুমতি সরকার দেবে কিনা জানতে চাইলে দীপু মনি সাংবাদিকদের এ কথা জানান। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, "(এই প্রস্তাবে) কূটনৈতিকভাবে কোনো অসুবিধা নেই। যেহেতু প্রস্তাবটি নতুন এসেছে তাই আমরা আলোচনা করছি।" তিনি জানান, কোনো বিদেশি মিশনের অঙ্গনের 'বাইরের নিরাপত্তার' দায়িত্ব বর্তায় ওই মিশন যে দেশে অবস্থিত তার ওপর। কিন্তু মিশনের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট দেশের। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মিশনের উদাহরণ দেন। দীপু মনি বলেন, "ভারতীয় এ প্রস্তাব এখানকার আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কি না স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা খতিয়ে দেখছে।" ভারতীয় হাই কমিশন এবং হাই কমিশনারের নিরাপত্তা নিশ্চিতে সেদেশের সশস্ত্র নিরাপত্তা বাহিনী মোতায়েনের অনুমতি চেয়ে কয়েক মাস আগে ঢাকার কাছে একটি প্রস্তাব পাঠায় নয়া দিল্লি। প্রধান বিরোধী দল বিভিন্ন সময় ভারতীয় এ প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করে দাবি করে আসছে যে, অন্য দেশ থেকে বিশেষ নিরাপত্তা বাহিনী আসা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আরেক প্রশ্নের জবাবে পরাষ্ট্র মন্ত্রী জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী ভারতীয় ফ্লাইটে এয়ার মার্শাল মোতায়েনের ব্যাপারে দুদেশের মধ্যে আলোচনা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২৩১৮ ঘ.