ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিু আদালতে ১৫ লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদ।
জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ কথা জানিয়ে তিনি বলেন, অসচ্ছল ও নিরীহ জনগণকে আইনি সহায়তা দেওয়ার জন্য পরামর্শ সেল গঠন করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নাই।
লক্ষীপুর-১ আসনের সাংসদ নাজিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে, শফিক আহমেদ জানান, চলতি বছরের এক জানুয়ারি পর্যন্ত সারাদেশের নিু আদালতে ৬ লাখ ১১ হাজার ৯৪৬ টি দেওয়ানী মামলা এবং ৯ লাখ ৭০ হাজার ৮৫৬ টি ফৌজদারি মামলা বিচারাধীন ছিলো।
বরিশাল-২ আসনের সাংসদ মো. মনিরুল ইসলামের এক প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, অসচ্ছল ও নিরীহ জনগণের আইনী সহায়তার জন্য উন্নত দেশের অনুকরণে পৃথক পরামর্শ সেল গঠন করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নাই। তবে, প্রয়োজন হলে সরকার ভবিষ্যতে এ ধরণের সেল গঠনের উদ্যোগ গ্রহণ করবে।
আইনমন্ত্রী আরো বলেন, "বিচার ব্যবস্থা দ্রুত করার লক্ষ্যে সরকার এরমধ্যেই কিছু পদক্ষেপ নিয়েছে। ২১০ জন সহকারি জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আরো এক'শ জন সহকারি জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রক্রিয়াধীন আছে। এছাড়া, বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন আছে। আইন কমিশনের সুপারিশ পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"
নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে শফিক আহমেদ জানান, মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর উচ্চ আদালতে স্থায়ী ও অতিরিক্ত বিচারপতি হিসাবে ৩৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে, স্থায়ী বিচারপতি হিসাবে ১১ জন এবং অতিরিক্ত বিচারপতি হিসাবে ২৪ জন নিয়োগ পেয়েছেন।
ময়মনসিংহ-১০ আসনের সাংসদ গিয়াস উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, তদন্ত অগ্রসর হওয়ার কোনো পর্যায়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে গ্রহণযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া গেলে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩ এর ধারা ১১ (৫) অনুযায়ী ট্রাইব্যুনালের কোনো সদস্যের অভিযুক্ত কোনো ব্যক্তিকে গ্রেপ্তার ও অন্তরীণের আদেশ দেওয়ার ক্ষমতা রয়েছে।
গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজ চুমকীর এক প্রশ্নের জবাবে শফিক আহমেদ জানান, সরকারি হিসাবে দেশে মোট আইনজীবীর সংখ্যা ৪১ হাজার ৩৯১ জন।
তিনি বলেন, "আইনজীবীদের দক্ষতা, যোগ্যতা ও প্রজ্ঞার উপর বিচার ব্যবস্থা অনেকাংশে নির্ভরশীল। আইনজীবীদের পেশার দক্ষতা, দায়িত্ব ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বার কাউন্সিল নবীন আইনজীবীদের জন্য প্রশিক্ষণ ও কর্মশালার ব্যবস্থা করে আসছে।"
নওগাঁ-৬ আসনের সাংসদ মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, সচিবালয়সহ বিভিন্ন বিভাগ, দপ্তর, অধিদপ্তর, বিভিন্ন কমিশন এবং বৈদেশিক মিশনে সচিব পদে ৭৬ জন, অতিরিক্ত সচিব পদে এক'শ নয় জন, যুগ্ম সচিব পদে তিন'শ ৫৭ জন, উপ-সচিব ও উপ-সচিবের সুপারনিউমারারী পদে এক হাজার দু'শ ৬০ জন, সিনিয়র সহকারি সচিব ও সমমর্যাদা পদে এক হাজার চার'শ ৯২ জন এবং সহকারি সচিব ও সমমর্যাদা পদে কর্মকর নয়'শ ৪১ জন কর্মকর রয়েছে। এই সব পদে কোনো শূণ্য পদ অবশিষ্ট নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৮৩৫ ঘ.
bdnews24