২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোটেলে তরুণীর লাশ, আটক ৩

সিলেটের দক্ষিণ সুরমার একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 02:15 PM

Updated : 25 Aug 2022, 11:47 AM

সিলেট, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের দক্ষিণ সুরমার একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে তিনজনকে। দক্ষিণ সুরমার কদমতলী এলাকার আল হক নামের আবাসিক হোটেল থেকে সোমবার বিকালে এক অজ্ঞাতনামা তরুণীর লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। আটককৃতরা হলেন- জকিগঞ্জ উপজেলার পড়চক গ্রামের বাসিন্দা ঢাকার দক্ষিণ নোয়াই জামে মসজিদের ইমাম মাওলানা ছালিম আহমদ (৩৫), হোটেলের ব্যবস্থাপক আছাব আলী (৪৮) ও হোটেল কর্মচারী মিরাজ আলী (১৬)। এর মধ্যে হোটেলের দুই কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। সিলেট কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুজ্জামান সাংবাদিকদের জানান, সোমবার মাওলানা ছালিম আহমদ ও অজ্ঞাতনামা এক তরুণী হোটেলের দ্বিতীয় তলার ১ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। দুপুর ২ টার দিকে মাওলানা ছালিম আহমদ তার কক্ষ থেকে পালাতে গেলে স্থানীয় জনতা তাকে আটক করে। বেলা ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই কক্ষে গিয়ে গলায় ওড়না জড়ানো অবস্থায় তরুণীর লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসআই রকিবুজ্জামান জানান, হোটেলের নিবন্ধন খাতায় মাওলানা ছালিম কিংবা ওই তরুণীর নাম লেখা ছিল না। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/এমএসবি/২০১১ ঘ.