২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুরকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদনে আইনজীবীর উদ্বেগ

সদ্য বন্ধ করে দেওয়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করায় উদ্বেগ প্রকাশ করেছেন তার আইনজীবী নাসির উদ্দিন অসীম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 10:22 AM

Updated : 25 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য বন্ধ করে দেওয়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করায় উদ্বেগ প্রকাশ করেছেন তার আইনজীবী নাসির উদ্দিন অসীম। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। নাসির উদ্দিন জানান, পুলিশ গত ৩ জুন দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে মাহমুদুর রহমানকে পুলিশের ওপর হামলা ও কতর্ব্যকাজে বাধা দেওয়ার মামলায় জিজ্ঞাসাবাদ করে। এদিনই সন্ধ্যায় তেঁজগাও থানার উপপরিদর্শক রেজাউল করিম তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজত চেয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন। নাসির উদ্দিন বলেন, এটা উদ্বেগজনক। মহানগর হাকিম নজরুল ইসলাম আবেদনটি শুনানির জন্য সময় নির্ধারণ করেছেন আগামী ৭ জুন। নাসির উদ্দিন অভিযোগ করেন, কারা কর্তৃপক্ষ মামলা পরিচালনায় মাহমুদুর রহমানকে অনুমতিপত্র ও ওকালতনামায় স্বাক্ষর করতে দিচ্ছে না। এছাড়া কারাগারে তাকে সাধারণ কয়েদির মতো রাখা হয়েছে। অথচ তিনি সাবেক জ্বালানি উপদেষ্টা ও বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তিনি জানান, শুক্রবার তিনি কারাগারে মাহমুদুর রহমানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। নাসির উদ্দিন দাবি করেন, ''ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী কারাগারে মাহামুদুর রহমানের ভিআইপি মর্যাদা (ডিভিশন) পাওয়ার কথা। অথচ কারা কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।" গত ২ জুন ভোর রাতে কারওয়ান বাজারের আমার দেশ পত্রিকার কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে প্রতারণা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুটি মামলা হয়েছে। প্রতারণা মামলায় তাকে জামিন দেওয়া হলেও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমইউএস/কেএমএস/১৬০৯ ঘ.