ঝিনাইদহ, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে।
শনিবার ভোররাতে উপজেলার কোমলনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাছিরুল ইসলাম ওরফে শুকনালের (৪৫) বাড়ি শৈলকুপার বগুড়া গ্রামে। তিনি 'পা কাটা শুকনাল' নামেও পরিচিত।
পুলিশের দাবি, নিহত শুকনাল নিষিদ্ধ চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের শৈলকুপা অঞ্চলের কমান্ডার ছিলেন। তার বিরুদ্ধে শৈলকুপা থানায় চারটি হত্যাসহ ১০টি মামলা আছে।
শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, শুক্রবার গভীর রাতে তারা খবর পান কোমলনগর গ্রামের একটি মাঠের ভেতর ব্রিজের কাছে গোপন বৈঠক করছে একদল চরমপন্থী। এরপর শনিবার ভোররাতে সোয়া ৪টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়।
তিনি বলেন, "চরমপন্থীরা পুলিশের উপস্থিতি টের পেয়েই গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। ১৫-২০ মিনিট বন্দুকযুদ্ধের পর চরমপন্থীরা পালিয়ে যায়। এরপর সেখানে শুকনালের লাশ পাওয়া যায়।"
ঘটনাস্থল থেকে একটি করে সাটারগান ও পাইপগান এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও তিনি জানান।
শুকনালের লাশ সকালে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তারপর তার লাশ দেখতে হাসপাতালে প্রচুর লোক ভিড় জমায়।
ওসি আনোয়ার জানান, শুকনালের বিরুদ্ধে শৈলকুপা থানায় চারটি হত্যা, তিনটি অপহরণ, দুটি ডাকাতিসহ ১০টি মামলা আছে।
বছর ১৫ আগে মাগুরা সদর উপজেলার এক চেয়ারম্যানের ওপর দিনের বেলা হামলা চালিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছিলেন শুকনাল। তখন তারা তার এক পা হাঁটু থেকে কেটে ফেলার পাশাপাশি এক চোখ উপড়ে ফেলে। সেই থেকে মাগুরা-ঝিনাইদহ-কুষ্টিয়া এলাকায় তিনি 'পা কাটা শুকনাল' নামে পরিচিতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/০৯৫১ ঘ.
bdnews24