ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি করপোরেশন নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা না করেই বদলি করা হলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনারকে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই বদলির আদেশ সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার কাছে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি আমি জানি না। এ বিষয়ে খোঁজ নিতে হবে।"
তিনি বলেন, "কর্মকর্তা বদলির বিষয়ে ইসির সঙ্গে তো আলোচনা করতে হবে। তবে কোন কারণে এ ধরনের বদলি হলো-তা জানতে হবে, বিষয়টি দেখে বলতে হবে।"
এ ব্যাপারে মন্তব্যের জন্য স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদারের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
নির্বাচনী তফসিল ঘোষণার পর আইন অনুযায়ী, নির্বাচনী এলাকার সরকারি কর্মকর্তাদের বদলির বিষয়ে নির্বাচন কমিশনের মতামত নিতে হয়।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামানকে বদলি করে ঢাকায় পুলিশ সদর দপ্তরের উপ-মহাপুলিশ পরিদর্শক করা হয়।
তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল কাশেম। তবে এই দুই কর্মকর্তার বদলিকৃত স্থানে পদায়ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের পর কার্যকর হবে বলে ওই আদেশে বলা হয়েছে।
একই আদেশে আরো ৩৫ জন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়।
শুক্রবার সিইসি চট্টগ্রামে যাচ্ছেন প্রার্থী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করার জন্যে।
১৭ জুন অনুষ্ঠিতব্য সিসিসি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় গত ১১ মে।
সিসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেসমীন টুলি জানান, পুলিশ কমিশনার বদলির বিষয়টি তিনি জানেন না। তবে তার ধারণা, ইসির সঙ্গে হয়তো আলোচনা হয়ে থাকতে পারে।
তিনি বলেন, "সিএমপি কমিশনারকে কী কারণে বদলি করা হলো তাও আমি জানি না।"
অবশ্য টুলী জানান, চট্টগ্রামে পুলিশ হেফাজতে নৈশ প্রহরীর মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান আদালতে হাজিরা দিতে ঢাকা গেছেন।
চট্টগ্রামে পুলিশ হেফাজতে নৈশপ্রহরী মানিকের মৃত্যুর ঘটনায় হাইকোর্টে মঙ্গলবার হাজিরা দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (সিএমপি) মো. মনিরুজ্জামান। হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় আদালত অবমাননার অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
তবে মানিকের মৃত্যুর জন্য অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ইউনুসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ১১ মে বিভিন্ন সংবাদমাধ্যমে চট্টগ্রামে পুলিশ হেফাজতে নৈশপ্রহরী মানিকের মৃত্যুর ঘটনায় প্রতিবেদন প্রকাশিত হয়।
এ ঘটনায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাইকোর্টে একটি জনস্বার্থ রিট আবেদন করে।
গত ১২ মে হাইকোর্ট ঘটনা তদন্ত করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছিল।
একইসঙ্গে চট্টগ্রামের কোতয়ালি থানার উপ-পরিদর্শক ইউনুস মিয়াকে ২৩ মে হাইকোর্টে স্বশরীরে হাজির হয়ে ঘটনার লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।
ঘটনা সম্পর্কে আইনের বিধান অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা- তার প্রতিবেদন আদালতে জমা দেওয়ার জন্য চট্টগ্রামের পুলিশ কমিশনার মো. মুনিরুজ্জামানকেও নির্দেশ দেওয়া হয়।
কিন্তু তিনি প্রতিবেদন না দেওয়ায় ২৩ মে হাইকোর্ট তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে।
মঙ্গলবার চট্টগ্রামের পুলিশ কমিশনার হাইকোর্টে হাজিরা দেন।
তিনি আদালতকে জানান, হেফাজতে নৈশ প্রহরী মানিকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ইউনুসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।
আদালত অভিযুক্ত উপ-পরিদর্শক ইউনুসকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচসি/এইচএ/২২৪০ঘ.
bdnews24