ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-ভারত বিদ্যুৎ বিনিময় কার্যক্রম বাস্তবায়নের জন্য দুদেশের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কারিগরি কমিটি কাজ করছে।
এরমধ্যে ভারতের বহরমপুর থেকে বাংলাদেশের ভেড়ামারা, ঈশ্বরদী পর্যন্ত সঞ্চালন লাইন নির্মাণের জন্য কাজ চলছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে মানিকগঞ্জ-৩ আসনের সাংসদ জাহিদ মালিকের এক প্রশ্নের জবাবে এনামুল হক এ কথা জানান।
মন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে চাহিদার সাথে সমন্বয় করে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব হয়নি। এজন্য লোড শেডিংয়ের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ উৎপাদন সর্বোচ্চ দাড়িয়েছে ৪ হাজার ৬০৬ মেগাওয়াট। বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ সামগ্রিকভাবে বৃদ্ধি পেলেও অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা বৃদ্ধির কারণে লোড শেডিং করতে হচ্ছে।
নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে এনামুল হক জানান, ২০০৮-০৯ সালে সর্বোচ্চ লোড শেডিং ছিলো ১ হাজার ২৬৯ মেগাওয়াট। এর আগে ২০০৭-০৮ সালে ১ হাজার ৪৯ মেগাওয়াট, ২০০৬-০৭ সালে ১ হাজার ৩৪৫ মেগাওয়াট, ২০০৫-০৬ সালে ১ হাজার ৩১২, ২০০৪-০৫ সালে ৭৭০, ২০০৩-০৪ সালে ৬৯৪, ২০০২-০৩ সালে ৪৬৮ এবং ২০০১-০২ সালে লোড শেডিংয়ের পরিমাণ ছিলো, ৩৬৭ মেগাওয়াট।
একই বছরগুলোতে ডেসকো এলাকায় লোড শেডিংয়ের পরিমাণ ছিলো যথাক্রমে ১২৫ মেগাওয়াট, ১০১, ৯০, ৭, ১০, ৫ দশমিক ৭৫ এবং ৯ ও ১১ মেগাওয়াট।
কক্সবাজার-২ আসনের সাংসদ এ এইচ এম হামিদুর রহমান আযাদের এক প্রশ্নের জবাবে তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ জানান, ২০০৮ সালের মার্চ থেকে ২০১০ সাল পর্যন্ত দেশের দৈনিক পত্রিকাগুলোতে আট কোটি ৯৪ লাখ ৫২ হাজার ৫৭ টাকা ৫০ পয়সার ক্রোড়পত্র এবং নিজস্ব দপ্তরের বিল পরিশোধ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৭১৩ ঘ.
bdnews24