২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস খাতের উন্নয়নে এডিবির সঙ্গে চুক্তি

দেশের গ্যাস খাতের উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকার (২৬৬ মিলিয়ন ডলার) ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 10:43 AM

Updated : 25 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের গ্যাস খাতের উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকার (২৬৬ মিলিয়ন ডলার) ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে সরকার। প্রকল্পের আওতায় দেশের দক্ষিণ-পশ্চিামাঞ্চলে নতুন করে গ্যাস সংযোগ স্থাপনের লক্ষ্যে অবকাঠামো উন্নয়নসহ সঞ্চালন ক্ষমতা বৃদ্ধির বিভিন্ন কাজ বাস্তবায়ন করা হবে। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ অর্থ দিয়ে 'ন্যাচারাল গ্যাস একসেস ইমপ্র"ভমেন্ট' নামের একটি প্রকল্পের আওতায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন করে গ্যাস সঞ্চালন ও বিতরণ পাইপলাইন স্থাপন করা হবে। এতে ২ লাখ পরিবার গ্যাস সংযোগ পাবে এবং ১ হাজার ৪০০ বাণিজ্যিক ও শিল্প কারখানায় সংযোগ স্থাপন করা হবে। এর ফলে ব্যবসা-বাণিজ্যে উন্নতি ও কর্মসংস্থান হবে। প্রকল্পটির আওতায় কমপ্রেসার ও মিটারিং পদ্ধতি চালু করা, গ্যাসের সরবরাহ ও চাহিদা ব্যবস্থাপনার উন্নয়ন এবং সংশ্লিষ্ট এজেন্সির লোকবলকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান পেট্রোবাংলা, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি অব বাংলাদেশ, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং বেসরকারি সুন্দরবন গ্যাস ফিল্ডস কোম্পানি এ প্রকল্প বাস্তবায়ন করবে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও এডিবির আবাসকি প্রতিনিধি থিভাকুমার কানদিয়া এ চুক্তিতে সাক্ষর করেন। চুক্তি সাক্ষর শেষে ইআরডি সচিব বলেন, "ন্যাচারাল গ্যাস একসেস ইমপ্র"ভমেন্ট প্রকল্প এ বছর শুরু হবে এবং ২০১৫ সালের মধ্যে শেষ হবে।" তিনি বলেন, "আনুমানিক ৫৪২ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা) ব্যয় সাপেক্ষ এ প্রকল্পে এডিবির ১ হাজার ৯০০ কোটি টাকা (২৬৬ মিলিয়ন ডলার) ছাড়া বাকী অর্থের মধ্যে কোরিয়ার এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক দেবে প্রায় ৩১৫ কোটি টাকা (৪৫ মিলিয়ন ডলার) এবং বাংলাদেশ সরকার দেবে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা (২৩১ মিলিয়ন ডলার)।" মোশাররফ হোসেন বলেন, "এডিবি আমাদের দ্বিতীয় বৃহত্তম ঋণ সহায়তাকারী প্রতিষ্ঠান। ব্যাংকটি গত বছর আমাদের এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে যা একটি মাইলফলক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কেএমএস/১৬৩৩ঘ.