২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বৃত্তদের আগুনে দগ্ধ আলেয়ার মৃত্যু

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ আলেয়া আক্তার (১৮) সোমবার রাতে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 06:25 PM

Updated : 25 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ আলেয়া আক্তার (১৮) সোমবার রাতে মারা গেছেন। রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারী ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আলেয়া মারা যান বলে জানিয়েছেন ইউনিটের প্রজেক্ট ডিরেক্টর সামন্ত লাল সেন। তিনি বলেন, সোমবার সন্ধার পর থেকেই আলেয়ার অবস্থার অবনতি হতে থাকে। তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রেখে সর্বাত্মক চেষ্টা করা সত্ত্বেও রাত এগারোটার দিকে তার মৃত্যু হয়। গত বুধবার রাতে আলেয়ার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে তাকে পুড়িয়ে মারার চেষ্টা চালায় স্থানীয় মাদক ব্যবসায়ী খোকন ও তার দুই বন্ধু। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলেয়া সাংবাদিকদের জানিয়েছিলেন, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় খোকন তার গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে। আলেয়া আরো বলেন, "খোকন নামের এক যুবক অনেকদিন ধরে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু সে বিবাহিত ও মাদকের ব্যবসা করে জানতে পেরে আমি রাজি হইনি। আজ সন্ধ্যায় আমাকে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে।" তার খালা রাজিয়া বেগম জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে মিরপুর ১১ ডি ব্লকের বাসা থেকে বের হওয়ার সময় খোকন 'কথা আছে' বলে আলেয়াকে ডেকে নিয়ে যায়। ওই সময় সামনের রাস্তায় রিকশায় আরো দুজন বসা ছিল। তারা তিনজন মিলে আলেয়ার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থল থেকে জনতা খোকনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ বিল্লাল নামের খোকনের অপর এক সহযোগীকে গ্রেপ্তার করে। উভয়ে বর্তমানে কারাগারে রয়েছে। পল্লবী থানার ওসি ইকবাল হোসেন জানান, নারী নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা আগের মামলাটি হত্যা মামলা হিসাবে অন্তর্ভুক্ত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/০০০৮ ঘ.