২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় ভ্রাম্যমাণ গ্রন্থাগারের কর্মীর মৃত্যু

বাসের সঙ্গে সংঘর্ষে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাগেরহাট-পিরোজপুর ইউনিটের ভ্রাম্যমাণ গ্রন্থাগারের পিকআপ ভ্যানের চালক মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 03:35 PM

Updated : 25 Aug 2022, 11:26 AM

বাগেরহাট, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাসের সঙ্গে সংঘর্ষে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাগেরহাট-পিরোজপুর ইউনিটের ভ্রাম্যমাণ গ্রন্থাগারের পিকআপ ভ্যানের চালক মারা গেছেন। আহত হয়েছেন একই ইউনিটের সহকারী গ্রন্থাগারিক। সোমবার সকালে বাগেরহাট সদর উপজেলায় বাগেরহাট-খুলনা সড়কের বারাকপুর মোড়ে দুর্ঘটনাটি ঘটে বলে আহত মো. শাহজাহান কবির জানান। নিহত ব্যক্তি হলেন- মো. আইয়ুব আলী (৩৮)। সহকারী গ্রন্থাগারিক শাহজাহান কবির সাংবাদিকদের জানান, ভ্রাম্যমাণ গ্রন্থাগারের পিকআপ ভ্যানটি বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে জেলা সদরে আসছিল। সকাল সাড়ে ৯টার দিকে বারাকপুর মোড়ে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা সৈয়দ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চালক আয়ূব আলী গুরুতর আহত হন। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে দুপুরে মাওয়া ফেরি ঘাটে মারা যান। তার লাশ বাগেরহাটে ফিরিয়ে আনা হচ্ছে। বাগেরহাট সদর থানার ওসি শাহিদুল ইসলাম শাহীন জানান, সৈয়দপুর পরিবহনের বাসটি বরিশাল থেকে যশোরের বেনাপোল যাচ্ছিল। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। তিনি জানান, বাসটি আটক করে জেলা পুলিশ লাইনে রাখা হয়েছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের পিকআপ ভ্যানটি সরিয়ে আনার মত অবস্থায় না থাকায় সেটি স্থানীয়ভাবে বিশেষ প্রহরায় রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩২ ঘ.