ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে কোনো মুঠোফোন থেকে জন্মসাল ও জাতীয় পরিচয়পত্রের নম্বর লিখে ২২৩৩-এ এসএমএস পাঠিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোটার নম্বর ও কেন্দ্র জানা যাবে।
১৭ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে এ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয়ে সোমবার গ্রামীণ ফোন ও নির্বাচন কমিশনের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে।
গ্রামীণফোনের গ্রাহকরা সোমবার এবং অন্য অপারেটরদের গ্রাহকরা আগামী ৩ জুনের মধ্যে এ সেবা পাবেন।
অনুষ্ঠানে ইসি সচিব মুহম্মদ হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, আসন্ন নির্বাচনে ভোটার নম্বর পাওয়ার কিছু বিড়ম্বনা কমিয়ে ভোটারদের তড়িৎ সেবা দিতে ইসি এ সিদ্ধান্ত নিয়েছে।
মোবাইল ফোনের বার্তা অপশনে আইডি (ওউ) লিখে স্পেস দিয়ে জন্মসালের চারটি ডিজিট ও জাতীয় পরিচয়পত্রের ১৩ ডিজিটের পিআইএন নম্বর লিখে ২২৩৩ নম্বরে পাঠালেই ভোটারের নাম, ভোটকেন্দ্র ও ভোটার নম্বরের তথ্যসহ ফিরতি বার্তা পাওয়া যাবে।
"সোমবার থেকে গ্রামীণফোনে এ সেবা পাওয়া যাবে। গ্রামীণ ফোনের মাধ্যমেই ৩ জুনের মধ্যে বাংলালিঙ্ক, রবি, ওয়ারিদ, সিটিসেল ও টেলিটক-এ একই সেবা চালু হবে। এজন্যে স্বাভাবিক এসএমএস চার্জ রাখবে সংশ্লিষ্ট মুঠোফোন কোম্পানি" বলেন সচিব।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে ১৬ লাখ ৮৮ হাজার ৬৭৬ ভোটারের বিপরীতে ছয়শ ৭৩টি ভোটকেন্দ্র রয়েছে।
এর আগে প্রথমবারের মতো ২০০৮ সালে ৪ আগস্টে বরিশাল, সিলেট, খুলনা ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনেও এ সেবা চালু করে ইসি।
ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনেও ভোটারদের এমন সেবা দেওয়া হবে এবং ১০ম সংসদ নির্বাচনেও দেশজুড়ে তা চালুর প্রচেষ্টা নেওয়া হচ্ছে বলে জানান হুমায়ুন কবির।
প্রথম দফায় জাতীয় পরিচয়পত্রধারীদের পরিচিতি নম্বর ১৩ ডিজিটের। তবে হালনাগাদ তালিকাভুক্ত ভোটারদের পরিচিতি নম্বর ১৭ ডিজিটের। এক্ষেত্রে তারা সেবা পেতে আইডি লিখে একটি স্পেস দিয়ে শুধু ১৭ ডিজিটের পরিচিত নম্বর বার্তা পাঠাতে হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের প্রোগ্রামার ফারজানা আক্তার ও গ্রাামীণফোনের প্রোডাক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট আহসান কবির গ্রাামীণফোনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় ইসির অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম, ভোটার তালিকা প্রণয়ন প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, গ্রামীন ফোনের পরিচালক ইশতিয়াক হোসেন চৌধুরী, করপোরেশন এ্যাফেয়ার্স প্রধান মাহমুদ হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৫৫ ঘ.
bdnews24