২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মেয়র: রেজাউলের প্রার্থিতা প্রত্যাহার

চট্টগ্রাম সিটি মেয়র নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 02:18 PM

Updated : 25 Aug 2022, 11:26 AM

চট্টগ্রাম, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি মেয়র নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী। সোমবার দুপুরে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কক্ষে গিয়ে তিনি মনোননয়নপত্র প্রত্যাহার করেন। এ নিয়ে মেয়র পদে চারজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করলেন। রেজাউল করিম ছাড়া সোমবার স্বতন্ত্র প্রার্থী সাইফুদ্দিন রবি মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এছাড়া, রোববার মহানগর আওয়ামী লীগের নেতা সাবেক সাংসদ ইসহাক মিয়া ও ইসলামিক ফ্রন্টের সোলায়মান ফরিদ এবিএম মহিউদ্দিন চৌধুরীকে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এদিকে জামায়াতে ইসলামী সমর্থিত সম্মিলিত নাগরিক পরিষদের প্রার্থী আফসার উদ্দিন চৌধুরীও ইতিমধ্যে তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। রেজাউল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলীয় সভানেত্রীর নির্দেশে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।" বৃহস্পতিবার চট্টগ্রাম আওয়ামী লীগের বিরোধ মিমাংসা ঢাকায় বৈঠক করেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে রেজাউল করিম চৌধুরীও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০১৩ ঘ.