মুন্সীগঞ্জ, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একটি বাসকাউন্টার থেকে কাউন্টারের সুপারভাইজারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ডের গজারিয়া পরিবহনের কাউন্টারে হাবিব (২৮) নামের এই সুপারভাইজারের লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
হাবিবের বাড়ি পাশের কুমিল্লার মেঘনা উপজেলায়।
গজারিয়া থানার ওসি এস এম শহীদুল ইসলাম সাংবাদিকদের জানান, হাবিবকে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করেছে। গজারিয়া পরিবহনের বাস ঢাকা থেকে দাউকান্দি রুটে চলাচল করে।
হাবিব শনিবার রাতে বাড়ি ফেরেননি। সকালে তার সহকর্মী আলমগীর কাউন্টারে এসে লাশ দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে গজারিয়া থানায় একটি মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১২ ঘ.
bdnews24