ঠাকুরগাঁও, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁও চিনিকল কলোনি রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার বিধ্বস্ত হলেও বেঁচে গেছে এর চার যাত্রী।
রোববার বিকাল পৌনে ৫টায় ঠাকুরগাঁও রোড রেল স্টেশনের আউটার সিগন্যালের কাছে চিনিকল কলোনি রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
এরপর থেকে এই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
প্রাইভেটকারের চালক ও তিন যাত্রীকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়গামী ৪৩১ আপ লোকাল ট্রেনটির ধাক্কা দিলে প্রাইভেটকারটি (নম্বর- ঢাকা মেট্রো ২৫-৮৩৪০) প্রচণ্ড শব্দে ছিটকে পড়ে। কারের সামনের ও পিছনের অংশ ক্ষতি হলেও চার যাত্রী বেঁচে যায়। লোকজন ছুটে এসে যাত্রীদের বের করে।
ট্রেনটির চালক আব্দুল খালেক জানান, ওই সময় ট্রেনের গতি কম ছিল। কারটি হঠাৎ লাইনের উপর এসে পড়ায় এই দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, কারের সঙ্গে ধাক্কায় ট্রেনের ইঞ্জিনের জ্বালানি ট্যাংক ও বাতাসের রিজার্ভার বিকল হয়ে গেছে।
ঠাকুরগাঁও স্টেশন মাস্টার মজনুর রহমান জানান, দুর্ঘটনার পর থেকে এই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লালমনিরহাট থেকে রাতেই উদ্ধারকারী ট্রেন আসবে।
সোমবার থেকে আবার ট্রেন চলাচল শুরু হতে পারে বলে তিনি জানান।
পঞ্চগড় থেকে ঠাকুরগাঁও হয়ে ট্রেনের এই লাইনটি দিনাজপুর চলে গেছে। আঞ্চলিক এই লাইনে কোথাও দুর্ঘটনা হলে কোনো স্টেশন থেকে আর ট্রেন ছাড়া হয় না বলে রেল কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩২ ঘ.
bdnews24