চাঁপাইনবাবগঞ্জ, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী ও বোনের ছবি তোলার পর প্রতিবাদ করায় জেলার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম মাহমুদুল হাসান সোহেলকে লাঞ্ছিত করেছে স্থানীয় কয়েকজন বখাটে।
চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর রেলক্রসিং এলাকায় শনিবার সকালের এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
এরা হলো- আলীনগর মহল্লার আসগর (২২), রানা (১৮), নাজমুল (১৭), রাকিব (১৭) ও মোসারফ হোসেন (৪৫)।
সদর থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সোয়া ১১টার দিকে মাহমুদুল হাসান রিকশায় স্ত্রী ও বোনকে নিয়ে আলীনগর রেলক্রসিং এলাকা দিয়ে যাচ্ছিলেন। ওই সময় স্থানীয় বখাটে তরুণ সনি মোবাইল ফোন সেটে তার স্ত্রী ও বোনের ছবি তোলে।
মাহমুদুল এর প্রতিবাদ করলে স্থানীয় কয়েকজন বখাটে তাকে লাঞ্ছিত করে। এ ঘটনায় তিনি সদর থানায় অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯৩৩ ঘ.
bdnews24