ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদকাসক্ত ছেলের ছুকিাঘাতে এক নারী মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার খাদুরাইল গ্রামে এ ঘটনার পর মিজানুর রহমান (২৫) নামের এই মাদকাসক্তকে গ্রেপ্তার করেছে।
কুমিল্লা সদর দক্ষিণে হামলায় ইয়াকুব (১৩) নামের এক মাদ্রাসা ছাত্র খুন হয়েছে। আহত হয়েছে দুজন।
বুুধবার রাতে উপজেলার পেরুল এলাকার উৎসবপদুয়া গ্রামে এ ঘটনায় পুলিশ সাতজনকে আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
ব্রাহ্মণবাড়িয়া: বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টায় ফেনসিডিল কেনার জন্যে মিজান মা রহিমা বেগমের (৭০) কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকার করায় মিজান তাকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই মারা যান রহিমা।
এসআই রফিকুল জানান, খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
কুমিল্লা: পুলিশ ও স্থানীয়রা জানায়, উৎসবপদুয়া গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে তার মেয়ে জামাই নজির আহম্মদ ও তার দুই সঙ্গীর ওপর হামলা হয়।
এতে মারা যায় নজিরের ফুফাতো ভাই ইয়াকুব। সে আটিটি বাজার আইএইচ দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র।
নিহতের পরিবারের অভিযোগ, বাড়িরে সামনে আগে থেকে ওঁৎ পেতে থাকা শ্বশুর পক্ষের লোকজন তাদেরকে মটরসাইকেলে থাকা অবস্থায় এলোপাথাড়ি লাঠিপেটা শুরু করে।
এতে ঘটনাস্থলেই ইয়াকুব মারা যায়। হামলায় নজির ও তার বন্ধু শাহ আলম আহত হয়েছেন।
হাবিবুর রহমানের মেয়ে হালিমার সঙ্গে একই এলাকার শাসনপাড়া গ্রামের নজিরের বিয়ে হয় চার বছর আগে। ১৫ দিন আগে বাবার বাড়ি আসার পর হালিমা স্বামীর কাছে ফিরতে অনীহা প্রকাশ করেন। এ নিয়ে বুধবার নজিরকে শ্বশুর বাড়ি থেকে খবর দেওয়া হয়।
এ ঘটনায় নিহতের বাবা সফিকুর রহমান বাদি হয়ে সদর দক্ষিণ থানায় মামলা করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন জানান, রাতেই অভিযান চালিয়ে হাবিবুর রহমানসহ (৬৫) সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০১৭ ঘ.
bdnews24