২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঞ্ছারামপুরে দোররা: আ.লীগ নেতাকে বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এক তরুণীকে দোররা মারার ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2010, 12:04 PM

Updated : 25 Aug 2022, 11:11 AM

ব্রাহ্মণবাড়িয়া, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এক তরুণীকে দোররা মারার ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১৯ মে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি গ্রামে সালিশ বৈঠকে তরুণীটিকে ১০১টি দোররা মারা হয় এবং এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়। ২২ মে একটি জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়। ওই সালিশ বৈঠকে সভাপতিত্ব করার অভিযোগে মঙ্গলবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম জিলানীকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে দলটির উপজেলা কমিটি। আওয়ামী লীগের বাঞ্ছারামপুর উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, দলের জরুরি বৈঠকে তাকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। সিরাজুল ইসলাম উপজেলা চেয়ারম্যানও। দোররা মারা ঘটনায় দুজন আইনজীবীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার হাইকোর্ট সরকারের প্রতি একটি রুল জারি করে। এতে ফতোয়া বা ইসলামী শরিয়ার নামে বিচার বহির্ভূত শাস্তি প্রদান কেন অবৈধ ও মানবাধিকার পরিপন্থী ঘোষণা করা হবে না তার কারণ জানাতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৫ ঘ.