ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাওনা টাকা চাওয়ায় রাজধানীতে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটে হুমায়ুন কবির (৪৮) নামে ওই ব্যবসায়ীকে সোমবার দেনাদাররা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের স্ত্রী।
দুপুর আড়াইটার দিকে বায়তুল মোকারম মার্কেটের ফেমাস জুয়েলার্সের সামনে এ ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন ব্যাটারিচালিত গাড়ি বিক্রির ব্যবসা করতেন বলে জানান তার স্ত্রী রানু কবীর।
ঢাকা মেডিক্যাল কলেজে রানু সাংবাদিকদের বলেন, "পাওনা টাকা চাওয়ায় দেনাদাররা তাকে পিটিয়ে মেরে ফেলেছে।"
হুমায়ুনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে যান তার ছেলে শরীফ হোসেন। তিনি সাংবাদিকদের জানান, দুপুর আড়াইটার দিকে জাকির, চুন্নু, আলামীন, মুক্তার, উজ্জ্বল ও দুদু তার বাবাকে ডেকে নিয়ে যায়। তাদের সঙ্গে কথার একপর্যায়ে তারা ৮/১০ জন মিলে বেদম পিটুনি দেয়।
অজ্ঞান অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান শরীফ।
রানু আক্তার জানান, জাকিরের কাছে হুমায়ুন এক লাখ ৬০ হাজার, চুন্নুর কাছে দুই লাখ টাকা পেতেন। টাকা ফেরত চাওয়ায় এর আগে তারা হুমকিও দিয়েছিলেন।
পল্টন থানার উপ-পরিদর্শক মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। সন্ধ্যা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। তবে অভিযোগ করা হলে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২২০৬ ঘ.
bdnews24