ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান আহমদ বলেছেন, শুধু ঋণ নিয়ে কোনো পরিবার বা দেশ এগোতে পারে না।
তিনি বলেন, ২০ বছরে তার প্রতিষ্ঠান সঠিকভাবে না হেঁটে ক্ষুদ্রঋণের কাজটিই করেছে। এজন্যে এবার টেকসই কর্মসংস্থানের লক্ষ্যে শিক্ষা ও স্বাস্থ্য সেবাকে অন্তর্ভূক্ত করে পরিবারভিত্তিক সমন্বিত উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
খলীকুজ্জামান বলেন, "দারিদ্র বিমোচনকে টেকসই করতে ও আর্থসামাজিক উন্নয়নে দেওয়া ঋণকে তিনি ক্ষুদ্রঋণ বলে আর অভিহিত করতে চান না।"
এটাকে উন্নয়ন ঋণ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, "ঋণ নিয়ে দরিদ্র পরিবার যেনো আরো দরিদ্র না হয় এবং তাদের সক্ষমতা বৃদ্ধি করে কর্মসংস্থান বাড়ানোয় ভূমিকা রাখবে এ উন্নয়ন ঋণ।"
তিনি জানান, তার প্রতিষ্ঠান দেশের সাতটি বিভাগের ২১ ইউনিয়নে প্রায় ৫৫ হাজার পরিবারকে উন্নয়ন ঋণ দিয়ে পরিবার ভিত্তিক সমন্বিত উন্নয়ন কার্যক্রমের আওতায় আনতে যাচ্ছে।
মাঠপর্যায়ে এই কার্যক্রম শুরু করতে জুন মাসে শুরু হচ্ছে জরিপ।
পিকেএসএফ-এর উদ্যোগে 'পরিবার ভিত্তিক সমন্বিত উন্নয়ন: একটি ইউনিয়ন একটি সহযোগী সংস্থা' নামে প্রকল্পের কাজ গত ৩ মে হাতে নেওয়া হয়।
কার্যক্রমটি পিকেএসএফ, সহযোগী সংস্থা, উপকারভোগী পরিবার ও স্থানীয় সরকারের সম্পৃক্ততায় পরিচালিত হবে বলে তিনি জানান।
নির্বাচিত ২১ ইউনিয়নের সব পরিবারের উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়েছে আলাদা ২১ সহযোগী সংস্থাকে। এসব ইউনিয়নের প্রায় এক লাখ ১০ হাজার পরিবারের অর্ধেক এ কার্যক্রমের আওতায় আসবে।
তিনি বলেন, "পিকেএসএফ-এর মূল লক্ষ্য হলো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের জন্য দেশব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করা। এ যাবৎ ফাউন্ডেশন তার সহযোগী সংস্থাকে প্রচলিত ক্ষুদ্র ঋণ ছাড়াও মৌসুমী ঋণ ও বিশেষ ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সরবরাহ করেছে।"
তিনি আরও বলেন, "মাঠপর্যায়ে ঋণ আদায়ের হার খুবই সন্তোষজনক হলেও (৯৯ শতাংশের বেশি) টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ফাউন্ডেশনের মূল লক্ষ্য অর্জিত হয়েছে কিনা তার উত্তর খোঁজা প্রয়োজন।"
ক্ষুদ্রঋণে মুনাফার হার উপকারভোগীর দেওয়া প্রকৃত সার্ভিস চার্জের চেয়ে বেশি কিনা, ঋণ নিয়ে কর্মসংস্থানের কোনো সুযোগ সৃষ্টি হয়েছে কিনা, ঋণগ্রহীতার স্বাস্থ্যগত ও তাদের সন্তানদের শিক্ষাগত অবস্থা কি এবং ঋণগ্রহীতা আজীবন ঋণ নিতে থাকবে কিনা-এমন চারটি প্রশ্নের উত্তর খুঁজেছেন এবং এ বিষয়ে গবেষণা করছেন বলে জানান তিনি।
পিকেএসএফ সরাসরি কোনো কার্যক্রম বা প্রকল্প বাস্তবায়ন করে না। নির্বাচিত মানসম্পন্ন বেসরকারি সংস্থাকে সহযোগী সংস্থা হিসেবে গ্রহণ করে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে কার্যক্রম নিতে আর্থিক ও অন্যান্য সহায়তা দিয়ে থাকে।
১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ ফাউন্ডেশন নির্বাচিত সহযোগী সংস্থাগুলোকে অর্থায়ন করে আসছে এবং কেবল ক্ষুদ্রঋণের ওপর বেশি গুরুত্বারোপ করে। এ পর্যন্ত ফাউন্ডেশন এক কোটি পাঁচ লাখ পরিবারকে অর্থায়নের আওতাভুক্ত করেছে। এরমধ্যে ৮৩ লাখ উপকারভোগী ঋণ নিয়েছে, বাকিরা ঋণ পাওয়ার অপেক্ষায় রয়েছে।
দরিদ্র পরিবারগুলোর বিদ্যমান সম্পদ ও সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার এবং একই সঙ্গে তাদের সম্পদ বাড়ানো ও অন্যান্য সম্ভাবনাময় কার্যক্রম গ্রহনের বিষয়টি নিশ্চিত করাই নতুন উদ্যোগ নেওয়ার উদ্দেশ্য বলে জানান তিনি। এজন্যে এর নামকরণও করা হয়েছে 'দারিদ্র দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবারের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি (ইএনআরআইসিএইচ-এনরিচ)।'
২১টি ইউনিয়নে পরীক্ষামূলকভাবে দিশারি প্রকল্প নেওয়া হচ্ছে জানিয়ে পিকেএসএফ চেয়ারম্যান বলেন, "আগামী ছয়মাসের মধ্যে এর সুফল পাবো বলে আমরা আশা করি। আগামী দেড় বছরের মধ্যে দেড়শ' ইউনিয়নে কর্মসূচি নেওয়া সম্ভব হবে বলে মনে করি।"
এক প্রশ্নের জবাবে তিনি জানান, এসব ইউনিয়নে যারা কোনো না কোনো বেসরকারি সংস্থার উপকারভোগী তাদেরকে প্রাথমিকভাবে নতুন কর্মসূচির আওতায় আনা হবে না। সরকারের যেসব এলাকায় একটি বাড়ি একটি খামার প্রকল্প রয়েছে- সেসব এলাকায়ও এ উদ্যোগ প্রাথমিকভাবে নেওয়া হচ্ছে না।
সংবাদ সম্মেলনে পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মেসবাহউদ্দিন আহমেদ, পরামর্শক মোশাররফ হোসেন, উপ ব্যবস্থাপনা পরিচালক পারভিন মাহমুদ, ব্যবস্থাপক জসিম উদ্দিন, ফজলুল কাদের ও গোলাম তৌহিদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/১১০৪ ঘ.
bdnews24