২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামবাসীর হাতে অবরুদ্ধ ২১ র‌্যাব সদস্য

সাতক্ষীরা সদর উপজেলার নাতুয়ার ডাঙ্গা গ্রামে শুক্রবার রাতে অস্ত্র উদ্ধারের ঘটনা নিয়ে র‌্যাবের ২১ সদস্যকে পাঁচঘণ্টার বেশি সময় আটকে রাখে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2010, 02:25 PM

Updated : 25 Aug 2022, 10:50 AM

সাতক্ষীরা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সদর উপজেলার নাতুয়ার ডাঙ্গা গ্রামে শুক্রবার রাতে অস্ত্র উদ্ধারের ঘটনা নিয়ে র‌্যাবের ২১ সদস্যকে পাঁচঘণ্টার বেশি সময় আটকে রাখে এলাকাবাসী। শনিবার সকালে জনপ্রতিনিধি ও পুলিশ এসে তাদের ছাড়িয়ে নেয়। রাতে নাতুয়ার ডাঙ্গা গ্রামের সফিকুল ইসলামের বাড়ির জানালার গ্রিলের ফাঁক দিয়ে কেউ ঘরের ভেতর অস্ত্র ঢুকিয়ে রাখার চেষ্টা করে এবং একই সময় র‌্যাব সদস্যরা তাদের বাড়িতে ঢোকে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এসে বাড়িটি ঘিরে ফেলে। সফিকুলের স্ত্রী নিলুফার পারভিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৩টার দিকে জানালার গ্রিলের ফাঁক দিয়ে কেউ ঘরে একটি ব্যাগ ফেলার চেষ্টা করলে তিনি চিৎকার দেন। একই সময়ে কয়েকজন র‌্যাব সদস্য ঘরে ঢুকে ব্যাগটি নিয়ে বাড়ির লোকজনকে বলে, এতে অস্ত্র রয়েছে। তাদের চিৎকার শুনে ডাকাত পড়েছে ভেবে গ্রামের কয়েকশ' মানুষ বাড়িটি ঘিরে ফেলে। ভেতরে আটকা পড়ে মেজর কামরুজ্জামানসহ র‌্যাবের ২১ সদস্য। এলাকাবাসী ও পুলিশ জানায়, গ্রামবাসী সারারাত র‌্যাব সদস্যদের ঘেরাও করে রাখে। সকাল সাড়ে ৭টার দিকে সদর থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে র‌্যাব, বাড়ির মালিক ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে। সকাল সাড়ে ৮টায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম শওকত হোসেন যাওয়ার পর তারা ছাড়া পায়। বাড়ির মালিক সফিকুল ইসলাম জানিয়েছেন, পরিকল্পিতভাবে অস্ত্র এনে তাকে ফাঁসানোর চেষ্টা করেছিল র‌্যাব। র‌্যাব তার ভাই জিয়াকে মারধর করেছে বলেও তিনি অভিযোগ করেন। সদর থানার ওসি হাশেম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সফিকুলের বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় এক ব্যাগে ভর্তি ভারতের তৈরি তিনটি শাটারগান উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। তিনি বলেন, দুপুরে সাতক্ষীরার পুলিশ সুপারিনটেনডেন্ট এস এম মনিরুজ্জামানসহ র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা সফিকুলের বাড়ি গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেছেন। এ ব্যাপারে র‌্যাব কর্মকর্তা মেজর কামরুজ্জামান বলেন, গোপন সংবাদ পেয়ে তারা অস্ত্র উদ্ধারের জন্য যান। এ সময় পরিকল্পিতভাবে তাদের অপরাধী সাজানোর চেষ্টা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২০ ঘ.