২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারিখের পর তারিখ, নিষ্পত্তি নেই

ঢাকার নির্বাহী আদালতে মামলা নিষ্পত্তিতে দীর্ঘদিন লাগায় ভুগতে হচ্ছে বিচারপ্রার্থীদের। প্রকাশ বিশ্বাস এর অনুসন্ধানী প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2010, 08:33 AM

Updated : 25 Aug 2022, 10:49 AM

প্রকাশ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৫ সালে ঢাকার কর অঞ্চল-৪ (সার্কেল-১২) পাওনা আয়কর আদায়ের জন্য নয়া পল্টনের ব্যবসায়ী হোসনে আরা বেগমের বিরুদ্ধে একটি মামলা করে। ২০০৯ সালের ৯ ফেব্র"য়ারি হোসনে আরা জরিমানা দিয়ে তার নামে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা এবং সম্পদ ক্রোকের পরোয়ানা তুলে নেওয়ার আবেদন করেন। কিন্তু এরপর এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও ওই আবেদনের ওপর কোনো আদেশ হয়নি। ফলে হোসনে আরাকে গ্রেপ্তারে পুলিশ বার বার তার বাড়িতে হানা দিচ্ছে বলে জানান তার আইনজীবী সঞ্জীব সাহা। এভাবে বছরের পর বছর মামলার শুনানি না হওয়ার কারণে ঢাকার নির্বাহী হাকিম আদালতের বিচারিক ব্যবস্থা বেহাল বলে অভিযোগ সংশ্লিষ্ট আদালতের আইনজীবী এবং ভুক্তভোগীদের। ঢাকা মহানগরসহ ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় উদ্ভূত বিভিন্ন অভিযোগ শুনানি গ্রহণের জন্য বর্তমানে ১২ জন নির্বাহী হাকিম রয়েছেন। এর মধ্যে চারজন হাকিম অন্যত্র বদলি হয়েছেন। আদালতের পেশকার আমিনুল ইসলাম মুকুল বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ আদালতগুলোতে প্রায় ৭ হাজারের মতো মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হওয়ার পর ফৌজদারি কার্যবিধির অপেক্ষাকৃত ছোট অপরাধের বিচারের দায়িত্ব দেওয়া হয় নির্বাহী হাকিমদের। ওই আইনের ৯৮, ১০০, ১০৭, ১১৪, ১১৭, ১৪৪, ১৪৫, ১৫১ ধারার মামলা নিষ্পত্তি করে থাকেন এসব হাকিমরা। এসব ধারায় দায়ের করা মামলা হচ্ছে জমিজমার বিরোধে শান্তি শৃঙ্খলা রক্ষা, বিভিন্ন ধরনের হুমকির নিষ্পত্তি ও মুচলেকা আদায়, দলিল-কাগজপত্র উদ্ধার, নিরাপত্তাজনিত প্রশ্নে নালিশ ইত্যাদি। অভিযোগ রয়েছে, প্রশাসনিক কাজে ব্যস্ত হাকিমরা নির্ধারিত সময়ে এজলাসে না ওঠায় বারবার তারিখ পড়ে। এভাবেই পিছিয়ে যায় শুনানি। নিয়ম অনুযায়ী এজলাসে শুনানি না নিয়ে হাকিমরা খাস কামরায় শুনানি নেন বলেও অভিযোগ অনেকের। এসব হাকিমদের কর্মচারীদের বিরুদ্ধে রয়েছে ঘুষ নিয়ে মামলার নথিপত্র যথাসময়ে শুনানির জন্য হাকিমের কাছে উপস্থাপন না করার অভিযোগ। সঞ্জীব তার আরেকটি মামলার নজির তুলে ধরে বলেন, জোয়ার সাহারায় একটি জমিতে সীমানা প্রাচীর তুলতে গেলে আবুল হাসানাতকে বাধা দেন পাশের জমির মালিক জমিউল হোসেন। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য হাসানাতদের বিরুদ্ধে ২০০৯ সালের মে নির্বাহী হাকিম আদালতে মামলা করেন জমিউল। ওই মামলায় তারিখের পর তারিখ পেরিয়ে গেলেও শুনানি না হওয়ায় মামলা বাতিলে হাইকোর্টে যান হাসানাত। এরপর গত ২৪ ফেব্র"য়ারি হাইকোর্ট মামলার ওপর স্থগিতাদেশ দেয়। একইভাবে ঢাকার ভাষানটেক ছিন্নমূল পুনর্বাসন প্রকল্পের বাস্তবায়ন শুরু হলে ওই জমির ওপর শান্তি-শৃঙ্খলা রক্ষার আবেদন জানিয়ে একটি মামলা হয় ২০০৪ সালে। ভূমি মন্ত্রণালয় ও নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড এর যৌথ উদ্যোগে ৪৭ দশমিক ৯০ একর জমির ওপর ওই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। মামলাটি করেন কাজী আবদুর রশিদসহ স্থানীয় ১৭ জন। ২০০৭ সালের ২৯ নভেম্বর এ মামলা ঢাকার নির্বাহী হাকিম আদালতে যায়। এ আদালতের নির্বাহী হাকিম সায়মা আফরোজের হাত ঘুরে মামলাটির বিচারের দায়িত্ব পড়ে আরেক নির্বাহী হাকিম লোকমান হোসেনের ওপর। তিনি বদলি হয়ে যাওয়ায় মামলাটি যায় অপর একজন হকিম শরীফা আহমেদের কাছে। মামলাটি এখনও সেখানেই রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে জানা যায়। আগামী ৩০ মে মামলার শুনানির তারিখ ধার্য রয়েছে। কিন্তু ইতিমধ্যে ওই জায়গার ওপর ২০টির বেশি ফ্ল্যাট নির্মিত হয়েছে। ওই সব ফ্ল্যাটে বরাদ্দ নিয়ে বসবাসও করছেন অনেকে। বিভিন্ন গণমাধ্যমে ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন প্রকাশিত-প্রচারিতও হচ্ছে তিন বছর ধরে। দখল-বেদখলের যে ইস্যু নিয়ে শান্তি-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় মামলা হয়েছিলো, সে শঙ্কাও এখন নেই বলে সংশ্লিষ্টরা বলছেন। তবুও মামলা রয়েছে শুনানির অপেক্ষায়। বছরের পর বছর ঝুলে থাকা এ মামলাটি গত সপ্তাহে ঢাকার অতিরিক্ত জেলা হাকিম অমিতাভ সরকারের নজরে আনা হলে তিনি দ্রুত এ মামলা নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট হাকিমকে তাগিদ দেন। মো. ছাকায়েতউল্লাহ ভূঁইয়া নামে নবীন এক আইনজীবী জানান তার একটি মামলার ১২ বার তারিখ পেছানোর কথা। ২০০২ সালের শেষ দিকে সবুজবাগের বদরুদ্দিন একখণ্ড জমির ওপর একই এলাকার মমতাজের বিরুদ্ধে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪৫ ধারায় মামলা করেন। ছাকায়েত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় বিবাদি মমতাজ ওকালতনামা দাখিল করলেও কোনো লিখিত জবাব না দেওয়ায় বাদি বদরুদ্দিন আদালতে সাক্ষ্য দিয়ে যান। প্রতিপক্ষ ওকালতনামা দাখিলের পর আর কোনো দিন আদালতে হাজির হননি। মামলাটিতে আদেশ চেয়ে বাদি বারবার আবেদন করলেও কোনো আদেশ হয়নি। অনুসন্ধানে জানা যায়, নির্বাহী হাকিমের আদালতে মামলার অগ্রগতি, অবস্থান সম্পর্কে কোনো মাসিক বিবরণী (মান্থলি স্টেটমেন্ট) তৈরির কোনো ব্যবস্থা নেই। মামলার ওপর কর্তৃপক্ষের কোনো মনিটরিং নেই। ফলে কোন মামলা বিচারের কোন পর্যায়ে রয়েছে তা জানা কর্তৃপক্ষের পক্ষে সম্ভব হচ্ছে না বলে জানান পেশকার আমিনুল ইসলাম মুকুল। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পেশকার মামলা ঝুলে থাকার বিষয়টি স্বীকার করে বলেন, হাকিমরা প্রশাসনিক কাজে বেশি ব্যস্ত থাকেন বলে শুনানি হয় না তারা বলেন, বিচার কাজে গতি আনতে আরো হাকিম দরকার। দরকার বদলি হওয়া হাকিমদের জায়গাও পূরণ করা দরকার। মামলার ধীরগতির বিষয়ে ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক কাজী নজিবউল্লাহ হিরুর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি নিয়ে তিনি নির্বাহী হাকিমদের সঙ্গে কথা বলবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৪২০ ঘ.