গাইবান্ধা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে দুর্ঘটনা দুটি ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বেলা পৌনে ১১টার দিকে উপজেলার কাটাখালী হাওয়াখানায় রংপুর-বগুড়া সড়কে রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বগুড়াগামী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে নয়জন নিহত হন।
ওই দুর্ঘটনায় আহত দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে গোবিন্দগঞ্জ থানার ওসি ফজলুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন কুড়িগ্রামের মজিবর রহমান (২০) ও রোজিনা (৩৮)।
এ দুর্ঘটনায় ৩৫ জন আহত হয়।
এর আগে ভোর সাড়ে ৫টার দিকে একই সড়কের কালিতলায় ঢাকাগামী একটি মহিষবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন বলে পুলিশ কর্মকর্তা ফজলুল জানান। আহত হন ২০ জন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা গ্রামের ফরিদ (২৫)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/এমআই/১৬৫৯ ঘ.
bdnews24