২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে ট্রলার ডুবি, শতাধিক জেলে নিখোঁজ

বঙ্গোসাগরে মাছ ধরার আটটি ট্রলার শতাধিক জেলেসহ নিখোঁজ রয়েছে বলে বরগুনার পাথরঘাটা এলাকার ট্রলার শ্রমিকরা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2010, 01:00 PM

Updated : 25 Aug 2022, 10:43 AM

বরগুনা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গোসাগরে মাছ ধরার আটটি ট্রলার শতাধিক জেলেসহ নিখোঁজ রয়েছে বলে বরগুনার পাথরঘাটা এলাকার ট্রলার শ্রমিকরা জানিয়েছে। ঘূর্ণিঝড় লায়লার প্রভাবে উত্তাল সাগরে মাছ ধরার সময় বুধবার দুপুরে এফবি তামিল নামের একটি ট্রলার ডুবে যায়। সন্ধ্যায় ট্রলারের নয় জেলেকে উদ্ধার করা হয়। পাথরঘাটা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি সাংবাদিকদের জানান, ইসমাইল খাঁ, আবুল কালাম, বাদশা, বাচ্চু, মিন্টু ও সেলিমের মালিকানাধীন আটটি ট্রলারের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ জেলে পরিবারের সদস্যরা পাথরঘাটা মৎস্য বন্দরে এসে কান্নাকাটি করছে বলে তিনি জানান। মান্নান মাঝি জানান, বুধবার লালদিয়া এলাকায় সাগরে আবুল ফরাজীর মালিকানাধীন ট্রলার ডুবে গেলেও জেলেরা রক্ষা পেয়েছে। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন জানান, তিনি কোন দুর্ঘটনার খবর শোনেননি। তার মতে, নিখোঁজ জেলেরা কোথাও আশ্রয় নিতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় লায়লা বৃহস্পতিবার দুপুরে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করার পূর্বাভাস ছিল। এর মধ্যে লায়লার প্রভাবে অন্ধ্র উপকূলীয় এলাকায় ঝড় ও বৃষ্টিপাতে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৬ ঘ.