ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বজ্রপাতে বিদ্যুৎ উপকেন্দ্র অচল হয়ে পড়ায় জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের ১৪টি উপজেলায় সোমবার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি জানিয়েছেন, জামালপুর ৩৩ কেভিএ উপকেন্দ্র অচল হওয়ায় চরম দুর্ভোগে আছে এসব উপজেলার লোকজন। প্রায় স্থবির হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্যসহ সব ধরনের কাজ।
অবশ্য, মাঝে মঙ্গলবার বিকাল থেকে বিকল্প উপায়ে শুধু জামালপুর ও শেরপুর জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। শহরের বাইরে করা হয়নি।
বুধবার দুপুর ১২টা পর্যন্ত জামালপুর ও শেরপুরের ১২টি উপজেলা এবং কুড়িগ্রামের রৌমারী ও চররাজিবপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়নি।
জামালপুর শহরের একমাত্র সিএনজি স্টেশনটি দুদিন বন্ধ থাকার পর বুধবার চালু হয়েছে। তবে মাইকিং করে সব ধরনের মিল ও কারখানা বন্ধ রাখা হয়েছে।
গত সোমবার ভোররাতে ঝড়ের সময় বজ্রপাতে জামালপুর ৩৩ কেভিএ বিদ্যুৎ উপকেন্দ্রের সুইচ ইয়ার্ডসহ বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে যায়।
মঙ্গলবার পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক (পরিচালক) প্রকৌশলী এনসি রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও তা ত্র"টিমুক্ত করার কাজ চলছে। এজন্য কয়েকদিন লাগবে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) টাঙ্গাইলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ সোলায়মানকে প্রধান করে সাত সদস্যের কমিটি করেছে।
মঙ্গলবার পিডিবি'র বিতরণ বিভাগের পরিচালনা পরিষদ সদস্য গোলাম রব্বানীসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১৩৩৪ ঘ.
bdnews24