ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মতিঝিলে সেবা পরিদপ্তরের সামনে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচী পালন করছে ডিপ্লোমা নার্সেস এসোসিয়েশন।
রোববার সকাল ১১ টার দিকে তারা এ কর্মসূচী শুরু করে।
এসোসিয়েশনের মহাসচিব হাসনা বেগম জানান, আগামী ২৬ মে পর্যন্ত সকাল ১০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ কর্মসূচী চলবে।
নার্সদের নেতৃত্ব নার্সরা দেবে, নাকি স্বাচিপ অথবা বিএমএ দেবে এ বিষয়ে সরকারের সুস্পস্ট মতামত না পাওয়া পর্যন্ত কর্মসূচী চলবে বলে জানান হাসনা বেগম।
এছাড়া স্বাচিপ ও বিএমএ'র ইন্ধনে ১১ মে কয়েকজন নার্স সংবাদ সম্মেলনে সেবা পরিদপ্তরের কয়েকজনের বিরুদ্ধে বক্তব্য দেন। এ ঘটনায় ৫ জন নার্সকে বরখাস্ত করা হলেও স্বাচিপের সুপারিশে তা প্রত্যাহার করা হয়। ওই ৫ জন নার্সের বরখাস্ত আদেশ বহাল রাখার দাবি জানান নেতৃবৃন্দ।
পরিদপ্তরের পরিচালক জাহানারা বেগমের চুক্তির মেয়াদ আরো ২ বছর বৃদ্ধি না হওয়া পর্যন্ত সেবা পরিদপ্তরে কাউকে পরিচালক হিসাবে প্রবেশ করতে দেয়া হবে না বলে তারা জানান।
এ কর্মসূচী পালনকালে কোন প্রকার বাধা দেয়া হলে তাৎক্ষনিক সারা দেশের সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানান হাসনা বেগম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৬০৬ ঘ.
bdnews24