চাঁদপুর, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্যুতের দাবিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের স্টেশন এলাকায় শুক্রবার দুপুরে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা।
এ সময় তারা রাস্তায় আগুন জ্বালিয়ে পল্লী বিদ্যুতের স্থানীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপকের (ডিজিএম) পদত্যাগ দাবি করে।
খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন মিয়াজী বিদ্যুৎ সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।
শাহরাস্তি থানার ওসি মো. জামাল উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবরোধকারীরা দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা সড়ক অবরোধ করে রাখে।
এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
বৃহস্পতিবার রাতে স্থানীয়রা শাহরাস্তি পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলার চালায়। তারা রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত কার্যালয়ে ঘেরাও করে রাখে।
এ সময় তাদের ইটের আঘাতে কাজী রাসেল নামে এক পুলিশ কনস্টেবল আহত হন।
এ ঘটনায় পুলিশ অজ্ঞাতনামা ২০০-২৫০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন কমপক্ষে ১০/১৫ বার করে বিদ্যুত সরবরাহ বন্ধ করে (লোডশেডিং) দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। পাশাপাশি নষ্ট হচ্ছে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সামগ্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএমএসবি/২০০৩ ঘ.
bdnews24