২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রলারডুবি: ৯টি লাশ উদ্ধার

কিশোরগঞ্জে মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের নয় যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরো সাত জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 10:16 AM

Updated : 24 Aug 2022, 09:27 PM

কিশোরগঞ্জ, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের নয় যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরো সাত জন। উদ্ধারকৃতরা হলো- আম্বিয়া (৩৬), আনোয়ারা (৩৫), তানজিনা (১০), তাসবির (৬), তানিয়া (৫), সুমন (৪), স্বাধীন (৩), শারমিন (৪) ও দ্বীন ইসলাম (৭)। এই নিয়ে দুই দিনে ১০ জনের লাশ উদ্ধার করা হলো। বৃহস্পতিবার দুপুরে বাজিতপুর থানার ওসি সুব্রত কুমার সাহা বিডিনিউজ টোয়োিন্টফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার সকাল থেকে চেষ্টা চালিয়ে তিনটি শক্তিশালী নৌকার সাহায্যে ডুবে যাওয়া ট্রলারটি তীরের কাছাকাছি নেওয়া হয়। এ সময় ট্রলারটির ভিতর থেকে ৯টি লাশ উদ্ধার করা হয়।" শতাধিক যাত্রী ও কয়েক'শ মন ধানসহ বুধবার সকাল ১০টার দিকে বাজিতপুর উপজেলার আয়নারঘোপ এলাকা সংলগ্ন নদীতে ট্রলারটি ডুবে যায়। এ সময় বেশ ক'জন যাত্রী সাঁতরে কূলে উঠতে সক্ষম হলেও ১৭ জন নিখোঁজ হয়। বুধবার সন্ধ্যায় সাবেকুন্নাহার (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ সাতজন হলেন- মাফিয়া খাতুন (৮), তানভীর (১০), নূরচান বেগম (২৬), আব্দুল বারী (৮০), হাসমত আলী (৬০), স্বপন (৩) ও শাহানা (১২)। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে দমকলের কিশোরগঞ্জ ও বাজিতপুরের চারজন এবং ঢাকা থেকে আসা চারজন ডুবুরি কাজ করছে। কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন উদ্ধার কাজ তদারকি করছেন। নিহতদের শেষকৃত্যের জন্য তাৎক্ষণিকভাবে সাংসদের পক্ষ থেকে পাঁচ হাজার অনুদান দেওয়া হয়। জেলা প্রশাসনও নিহতদের পরিবারকে তিন হাজার টাকা করে দিয়েছে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচারক আবু আব্দুল্লাহ মো. সাইদুল্লাহ জানান, দুর্ঘটনাস্থলে নদীর গভীরতা বেশি (৭০ ফুট) হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। নিখোঁজ যাত্রীদের খোঁজে তাদের স্বজনরা ভিড় করেছেন মেঘনা নদীর দুই তীরে। ওসি বলেন, অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাইয়ের কারণে ভারসাম্য হারিয়ে ট্রলারটি ডুবে যায়। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার চাতালপাড় বাজারের উদ্দেশে যাচ্ছিল ট্রলারটি। হাওর এলাকা কিশোরগঞ্জে ট্রলার যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে। গত বছরের ডিসেম্বর মাসে মিঠামইন উপজেলায় অপর এক দুর্ঘটনায় ৫৫ জন যাত্রী নিহত হয়। এর আগে ২০০৮ সানের এইদিনেই (১২ মে) নিকলী উপজেলার ঘোড়াদীগায় এক লঞ্চ দুর্ঘটনায় ৪৫ জন যাত্রী নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কিউএইচ/এমআই/১৬০০ ঘ.