২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌমন্ত্রীর হুমকি, শ্রমিকরা অনড়

মন্ত্রীর হুমকি সত্ত্বেও ধর্মঘট কর্মসূচি চালিয়ে যেতে অনড় অবস্থান নিয়েছে নৌযান শ্রমিক ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2010, 08:38 AM

Updated : 24 Aug 2022, 09:24 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রীর হুমকি সত্ত্বেও ধর্মঘট কর্মসূচি চালিয়ে যেতে অনড় অবস্থান নিয়েছে নৌযান শ্রমিক ফেডারেশন। ধর্মঘটী শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান বুধবার বলেন, বৃহস্পতিবার বিকালের মধ্যে যারা কাজে যোগ না দেবে, তাদের পেশাগত সনদ বাতিল করা হবে। এর প্রতিক্রিয়ায় নৌযান শ্রমিক ফেডারেশনের কোষাধ্যক্ষ আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নেতা-কর্মীদের কারাগারে রেখে তারা কাজে যোগ দেবেন না। "তারা (সরকার) পারলে আমাদের সনদ বাতিল করুক, আমাদের কর্মসূচি আমরা চালিয়ে যাবো", বলেন তিনি। নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে নৌশ্রমিকদের জন্য গ্রহণযোগ্য মজুরি কাঠামোসহ ২২ দফা দাবিতে শুক্রবার মধ্যরাত থেকে ধর্মঘটের ডাক দেয় নৌযান শ্রমিকদের সবচেয়ে বড় সংগঠন নৌযান শ্রমিক ফেডারেশন। এ ধর্মঘটকে অযৌক্তিক বলে আসছেন শাজাহান খান। ধর্মঘট আহ্বানকারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলমকেও গ্রেপ্তার করা হয়। সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ছাড়াও সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২৫ জনের বিরুদ্ধে আদালতে মামলাও হয়েছে। ধর্মঘটী শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে নৌমন্ত্রী বুধবার তার কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, "আগামীকাল (বৃহস্পতিবার) বিকাল ৫টার মধ্যে যে সব শ্রমিক কাজে যোগ দেবে না, তারা কাজের সুযোগ হারাবে। তাদের লাইসেন্স বাতিল করা হবে।" মন্ত্রীর বক্তব্যের পর সমুদ্র পরিবহণ অধিদপপ্তরের মহাপরিচালক বজলুর রহমান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, ১৩ মে বিকাল ৫টার মধ্যে কাজে যোগ দিতে ব্যর্থ হলে বেসরকারি যাত্রীবাহী লঞ্চ, কার্গো, তেলবাহী, বালিবাহী ও টুইন জাহাজ এবং বার্জ-এ কর্মরত মাস্টার, চালক, সুকানি ও গ্রিজারদে যোগ্যতা সনদ বাতিল করা হবে। নৌমন্ত্রী লঞ্চ মালিকদের ভয়-ভীতির উর্ধ্বে থেকে লঞ্চ চালানোর আহ্বান জানান এবং এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ারও আশ্বাস দেন। লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যাত্রী পরিবহন) সংস্থার জ্যেষ্ঠ সহ-সভাপতি বদিউজ্জামান বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের আন্দোলন সত্ত্বেও মালিকরা সব নৌযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। দক্ষ মাস্টার ও চালক ছঅড়া কীভাবে তা চালানো হবে- জানতে চাওয়া হলে তিনি বলেন, "অনেক মাস্টার ও চালকই কর্মস্থলে ফিরে এসেছেন। তাদের দিয়েই এসব নৌযান চালানো হবে। সরকারের নির্দিষ্ট সময়ের মধ্যে ধর্মঘটীকর্মীরা কাজে যোগ না দিলে তাদের কর্মচ্যুতও করা হতে পারে।" পরিবহন শ্রমিক নেতা শাজাহান বলেন, "নৌযান শ্রমিক ফেডারেশন গত ১৭ মাসে চারবার ধর্মঘট ডেকেছে। শ্রমিকদের স্বার্থ নয়, ফেডারেশন নেতাদের ব্যক্তি স্বার্থই এ ধর্মঘটের কারণ।" ধর্মঘটের মধ্যে যাত্রীবাহী লঞ্চ চলাচল করলেও মালবাহী কার্গোগুলো চলাচল না করায় সমুদ্র বন্দরে কাজ ব্যাহত হচ্ছে। ধর্মঘটের প্রভাব পড়েছে বিমানবন্দরেও। সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কোনো উড়োজাহাজে জ্বালানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে মঙ্গলবার রাতে বন্দর ব্যবহারকারী এয়ারলাইন্সগুলোকে জানিয়ে দিয়েছে হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। দুই সমুদ্রবন্দরে কাজ ব্যাহত হলেও মন্ত্রী দাবি করেছেন, বুধবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে মালামাল খালাস হতে শুরু করেছে। তিনি বলেন, লঞ্চ চলাচল করছে এবং যাত্রীদের সংখ্যাও বাড়ছে। শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, ঘোষিত বেতন কাঠামো মনঃপুত না হলে পুনরায় আলোচনায় বসার সুযোগ আছে। গত বৃহস্পতিবার নৌ শ্রমিক-মালিক-সরকার ত্রিপক্ষীয় বৈঠকে নৌযান শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হয়। বৈঠকে শ্রমিকদের দুটি সংগঠন থাকলেও ছিলো না নৌযান শ্রমিক ফেডারেশন। নতুন কাঠামোয় মজুরি ৫০ থেকে ১০০ শতাংশ বাড়লেও ফেডারেশন কমপক্ষে ৩০০ শতাংশ বাড়ানোর দাবি জানিয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৪৫ ঘ.