ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌযান শ্রমিকদের ধর্মঘটে যাত্রীবাহী লঞ্চ চলাচল করলেও মালবাহী কার্গোগুলো চলাচল না করায় সমুদ্র বন্দরে কাজ ব্যাহত হচ্ছে।
মংলা বন্দরে বিভিন্ন জাহাজ থেকে পণ্য খালাস হচ্ছে না। ধর্মঘটের প্রভাব পড়েছে বিমানবন্দরেও।
সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কোনো উড়োজাহাজে জ্বালানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে মঙ্গলবার রাতে বন্দর ব্যবহারকারী এয়ারলাইন্সগুলোকে জানিয়ে দিয়েছে হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
এদিকে ধর্মঘটের পঞ্চম দিন বুধবার ঢাকার সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যে নির্ধারিত লঞ্চের অধিকাংশ ছেড়ে গেছে।
নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে নৌশ্রমিকদের জন্য গ্রহণযোগ্য মজুরি কাঠামোসহ ২২ দফা দাবিতে শুক্রবার মধ্যরাত থেকে ধর্মঘটের ডাক দেয় নৌযান শ্রমিক ফেডারেশন।
তবে তাদের দাবিকে অযৌক্তিক আখ্যা দিয়ে নৌমন্ত্রী শাজাহান খান বলছেন, এ ধর্মঘট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ধর্মঘট আহ্বানকারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলমকেও গ্রেপ্তার করা হয়।
মংলা বন্দরে পাঁচটি খাদ্য শস্যবাহী, একটি সারবাহী ও একটি কন্টেইনারবাহী জাহাজ ভিড়েছে বলে বন্দর কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক (ট্রাফিক) কাজী আব্দুস সালাম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দরের মুরিং বয়াতে পঞ্চম দিনের মতো কাজ বন্ধ থাকায় সার ও খাদ্যশস্যবাহী জাহাজগুলোতে মাল খালাসের কাজ আটকে আছে। তবে কন্টেইনারবাহী জাহাজটি জেটিতে নোঙ্গর করায় সেটির খালাসের কাজ চলছে।
দুই শতাধিক কার্গো, কোস্টার ও বার্জ মংলা বন্দরের আশেপাশের নদীগুলোতে অলস বসে আছে।
নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবুল কাশেম মাস্টার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিক নেতা শাহ আলমকে মুক্তি ও অন্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
চট্টগ্রাম বন্দরে ২৩টি জাহাজ ভিড়ে আছে বলে জানিয়ে বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ ফরহাদউদ্দিন আহমেদ বলেন, বহির্নোঙরে ভেড়া এ জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে।
এদিকে মজুদ কমে আসায় বন্দর ব্যবহারকারী এয়ারলাইন্সগুলোকে জ্বালানি দিতে পারছে না ঢাকার হজরত শাহজালাল (রা.) বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার সায়েদুল হাসান খান পদ্মা অয়েল কোম্পানির একটি বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার জানান, নৌযান শ্রমিক ফেডারেশনের লঞ্চ ধর্মঘটের ফলে জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো সরবরাহ অব্যাহত রাখতে অপারগতা প্রকাশ করেছে।
বিমানবন্দরে প্রয়োজনীয় জ্বালানির বেশিরভাগই সরবরাহ করে পদ্মা অয়েল কোম্পানি। পদ্মার বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে সায়েদুল বলেন, "ধর্মঘটের কারণে জ্বালানি তেল পরিবহন ও খালাস ব্যাহত হচ্ছে।"
ঢাকার সদরঘাটে বুধবার সকাল ১১টা পর্যন্ত নির্ধারিত ১০টি লঞ্চের মধ্যে সাতটি বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়।
ধর্মঘটের বিরোধিতাকারী নৌ শ্রমিক লীগ ও জাহাজী শ্রমিক ফেডারেশনের নেতা-কর্মী ছাড়া নৌযান শ্রমিক ফেডারেশনের কাউকে সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায়নি।
সকালে সদরঘাট ছেড়ে যাওয়া লঞ্চগুলো হচ্ছে- চাঁদপুরগামী সোনারতরী-১, এমভি নিউ মেঘনারানী ও ময়ূর-১, বরিশালের মুলাদীগামী এমভি লামিয়া, চর ভৈরবীগামী বোগদাদিয়া-৮, ওয়াবদার উদ্দেশে এম ভি দরবার এবং হাটুরিয়াগামী স্বর্ণদ্বীপ-৮।
সদরঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাহতাব উদ্দিন জানান, মঙ্গলবার দক্ষিণাঞ্চল ছেড়ে আসা ১৬টি লঞ্চ সকালে সদরঘাটে ভিড়েছে।
তিনি জানান, মঙ্গলবার সারাদিনে ঢাকা থেকে ২৯টি লঞ্চ দক্ষিণাঞ্চলের উদ্দেশে ছেড়ে যায় এবং ২৭টি লঞ্চ ভেড়ে।
পরিস্থিতি দিন দিন স্বাভাবিক হচ্ছে দাবি করে মাহতাব বলেন, ১০ তারিখে ঢাকা থেকে ২০টি লঞ্চ ছেড়ে গিয়েছিলো। গতকাল ছেড়েছে ২৯টি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন লঞ্চ মাস্টার মজুরি বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের বলেন, ঘোষণাটা শুধু কাগজে কলমে না হয়ে বাস্তবায়িত হলেই তিনি খুশি।
গত বৃহস্পতিবার নৌ শ্রমিক-মালিক-সরকার ত্রিপক্ষীয় বৈঠকে নৌযান শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হয়। নতুন কাঠামোয় মজুরি ৫০ থেকে ১০০ শতাংশ বাড়লেও ফেডারেশন কমপক্ষে ৩০০ শতাংশ বাড়ানোর দাবি জানিয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরবি/কিউএইচ/এমআই/১৩১৩ ঘ.
bdnews24