ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমোদন ছাড়া রোগী দেখা ও চিকিৎসার অভিযোগে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালের মালিক এক হাতুড়ে ডাক্তারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪।
মঙ্গলবার দুপুরে শ্যামলীর বাবর রোডের ক্রিসেন্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে অভিযান চালিয়ে র্যাব-এর ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির মালিক মোঃ নুর নবীকে গ্রেপ্তার করে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায়।
হাকিম আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পঙ্গু হাসপাতাল থেকে শুধুমাত্র একটি ফিজিওথেরাপি কোর্স করে নুর নবী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালনা করছেন। বিএমডিসির রেজিস্ট্রেশন না থাকা সত্ত্বেও তিনি নিয়মিত রোগী দেখেন ও চিকিৎসাপত্র লেখেন।
তিনি জানান, নুর নবীর ভিজিটিং কার্ডে লেখা রয়েছে বিপিডি (পঙ্গু হাসপাতাল), সিপিআর (ঢাকা মেডিকেল কলেজ), বাত ব্যথা ও পঙ্গু রোগ বিশেষজ্ঞ। এসব ডিগ্রীর কোন সত্যতা পাওয়া যায়নি।
আনোয়ার আরো বলেন, এই প্রতিষ্ঠানটিসহ আশপাশের আরো প্রায় ৪০টি প্রতিষ্ঠান দালালের মাধ্যমে পঙ্গু হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে এনে এসব হাসপাতালে ভর্তি করে। চিকিৎসক না হয়েও চিকিৎসা করে। সবমিলিয়ে এই এলাকায় এরকম একশর বেশি দালাল রয়েছে।
র্যাব এসব প্রতিষ্ঠান ও দালালদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএনএ/২০৪২ ঘ.
bdnews24