২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে আলু চাষীদের সড়ক অবরোধ

হিমাগারে পচে যাওয়া আলুর ক্ষতিপূরণের দাবিতে রংপুরে আলু চাষীরা সোমবার দুপুরে একঘণ্টা সড়ক অবরোধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2010, 06:11 PM

Updated : 24 Aug 2022, 09:19 PM

রংপুর, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিমাগারে পচে যাওয়া আলুর ক্ষতিপূরণের দাবিতে রংপুরে আলু চাষীরা সোমবার দুপুরে একঘণ্টা সড়ক অবরোধ করেছে। এতে দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়কে একঘণ্টা সকল ধরনের যান চলাচল বন্ধ ছিলো। এ সময় প্রায় চার/পাঁচ শ' কৃষক শহরের কাছারী বাজার এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন আলু চাষী মোকতার হোসেন, কৃষক নেতা আনোয়ার হোসেন বাবলু প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, শহরতলীর মন্থনা এলাকায় মওলানা বশির উদ্দিন হিমাগারে ১৫ কোটি টাকা মুল্যের প্রায় ৮০ হাজার বস্তা বীজ-আলু সংরক্ষণের জন্য রেখেছিলো কৃষকরা। কিন্তু হিমাগারে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় বেশিরভাগ আলু পচে গেছে। এছাড়া হিমাগারের মালিক গোপনে হাজার হাজার বস্তা আলু বাইরে বিক্রি করে দিয়েছে বলেও তারা অভিযোগ করেন। এ ব্যাপারে রংপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করলেও হিমাগার মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর আগে দেওয়া ক্ষতিপূরণের আশ্বাসও বাস্তবায়ন করেনি। আগামী ১৫ দিনের তাদের দাবি পূরণ না করলে ২৫ মে মহাসড়ক অবরোধ করা হবে বলে হুমকি দেওয়া হয় সমাবেশে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.