নরসিংদী, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আম পাড়া নিয়ে ঝগড়ার জেরে নরসিংদীর শিবপুর উপজেলায় সোমবার সকালে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত ঝরনা বেগম (৩৮) উপজেলার চিনাদি গ্রামের লাল মিয়ার স্ত্রী।
এ ঘটনায় আহত লাল মিয়া (৪৮), খালেকুজ্জামান (৭৫), আফরোজা বেগম শিউলী (৪২) ও কবির হোসেনকে (৫০) শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, আম গাছের মালিকানা নিয়ে গ্রামের আজিজুর রহমান ভূইয়ার সঙ্গে একই পরিবারের লাল মিয়ার বিরোধ চলে আসছিল।
সকালে আজিজুর রহমান ভূইয়া ও তার লোকজন গাছটি থেকে আম পাড়তে গেলে ঝরনা বেগম বাধা দেন। কথা কাটাকাটির এক পর্যায়ের আজিজুর রহমান লোকজন নিয়ে লাল মিয়ার পরিবারের লোকজনের ওপর হামলা চালায়।
হাসপাতালে নেওয়ার পর ঝরনা বেগম মারা যান।
শিবপুর থানার উপ-পরিদর্শক সোহরাব হোসেন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৬ ঘ.
bdnews24