চট্টগ্রাম, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র রাখার দায়ে চট্টগ্রামে ৩ ডাকাতকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
একই সঙ্গে অপর একটি মামলায় তাদেরকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। উভয় সাজা একসঙ্গে কার্যকর হবে।
চট্টগ্রাম মহানগর চতুর্থ অতিরিক্ত দায়রা জজ আদালত সোমবার এ রায় প্রদান করে।
সাজাপ্রাপ্তরা হলেন জাকির হোসেন, মোহাম্মদ শহীদ ও ইলিয়াস আলী ওরফে ইউসুফ। জাকির ছাড়া বাকিরা পলাতক।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আবদুল হালিম নামের অপর একজনকে বেকসুর খালাস দেয়।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৪ জুলাই রাতে পশ্চিম মোহরা এলাকার ধুপপুরে ডাকাতির প্রস্তুতিকালে র্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় ডাকাত দলের সঙ্গে র্যাবের বন্দুকযুদ্ধ হয়। আবদুল হালিম নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে মারা যায়। র্যাব জাকির হোসেনকে ঘটনাস্থল থেকে ২ টি রিভলবার, ১টি এলজি ও ২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে।
এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত মহানগর পিপি মো. আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছে।
তিনি জানান, ২০০৫ সালের ২৬ জুলাই এ মামলার অভিযোগপত্র দাখিল এবং ২০০৬ সালের ৫ জুন আদালতে অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/২০১৭ ঘ.
bdnews24