২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতকে তৃতীয় দফা চিঠি দিয়েছে ইসি

গঠনতন্ত্রে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ধারাগুলো সংশোধনে জামায়াতকে তৃতীয় দফা চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 02:20 PM

Updated : 24 Aug 2022, 09:17 PM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গঠনতন্ত্রে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ধারাগুলো সংশোধনে জামায়াতকে তৃতীয় দফা চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চিঠি পেয়ে জামায়াত বলছে, গঠনতন্ত্র সংশোধনের বিষয়ে ইসির সঙ্গে বৈঠকে বসবে দলটি। রোববার জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত সপ্তাহেই ইসির চিঠি পেয়েছি। বক্তব্য প্রস্তুত করতে শিগগির বৈঠকে বসবো আমরা (জামায়াত নেতারা)।" দলটির আইন সম্পাদক ইসির সঙ্গে আলোচনা করে বৈঠকের সময় নেবে বলে জানিয়ে মুজাহিদ বলেন, "ওই বৈঠকেই আমাদের কথা তুলে ধরবো।" কবে নাগাদ গঠনতন্ত্র সংশোধন করা হবে জানতে চাইলে এই জামায়াত নেতা বলেন, "১০ জুন সময় বেঁধে দিয়েছে ইসি। এর আগেই করবো এবং ইসিকে আমাদের বক্তব্য জানাবো।" কী কী ধারা সংশোধন হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মুজাহিদ। জামায়াতের গঠনতন্ত্রে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক অন্তত সাতটি ধারা রয়েছে। দলটিকে তৃতীয় দফায় চিঠি দেওয়ার বিষয়ে গত ২ মে সিদ্ধান্ত নেয় ইসি। ইসি সচিবালয়ের যুগ্মসচিব (আইন) ও গঠনতন্ত্র যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক এন আই খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাংঘর্ষিক ধারাগুলো সংশোধনে এ নিয়ে জামায়াতকে তিন দফা চিঠি দেওয়া হলো। প্রথমবার দেওয়া গত ২৪ জানুয়ারি। দ্বিতীয়বার দেওয়া হয় গত ২৫ মার্চ। গঠনতন্ত্রের দুইটি সংশোধনী বিষয়ে জামায়াত নেতারা একমত হয়েছেন বলে গত ২৪ মার্চ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মুজাহিদ। সেসময় তিনি বলেন, "বাকিগুলোর বিষয়ে আমাদের মধ্যে (জামায়াতে) ঐকমত্য হয়নি। এজন্যে ইসির সঙ্গে আলোচনায় বাকি ধারাগুলোর বিষয়ে ব্যাখ্যা চাইব।" গত ২৫ মার্চ নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না হলে নিবন্ধন বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সংশোধিত গঠনতন্ত্র জমা না দিলে বিধিমালা অনুসরণ করে নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। নবম সংসদ নির্বাচনের আগে খসড়া সংশোধিত গঠনতন্ত্র দিয়ে ৩৯টি দল ইসিতে নিবন্ধিত হয়। এবছর ২৫ জানুয়ারির মধ্যে স্থায়ী (সংশোধিত) গঠনতন্ত্র জমা দিতে না পারায় নিবন্ধন বাতিল হয়েছে ফ্রিডম পার্টির। তৃতীয় দফায় সময় বেঁেধ দিয়ে আরো কয়েকটি দলকে চিঠি দেওয়া হবে বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০০৩ ঘ.