২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চক্রান্তকারীদের বিষয়ে সাবধান: হাসিনা

চক্রান্ত করে জনগণের অধিকার কেউ যেন হরণ করতে না পারে, সে জন্য জনগণকে সচেতন থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2010, 08:28 AM

Updated : 24 Aug 2022, 09:14 PM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চক্রান্ত করে জনগণের অধিকার কেউ যেন হরণ করতে না পারে, সে জন্য জনগণকে সচেতন থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারো নাম উল্লেখ না করলেও বিএনপি-জামায়াত জোট সরকারের দিকে ইঙ্গিত করেই যে প্রধানমন্ত্রীর এ বক্তব্য তা স্পষ্ট। শুক্রবার গণভবনে এক অনুষ্ঠানে হাসিনা বলেন, "অতীতের মতো গণতন্ত্রবিরোধী অপশক্তি, যারা ক্ষমতার মোহে নির্বাচন কমিশনকে কুক্ষিগত করছিলো এবং ভোটার তালিকা নিয়ে ছিনিমিনি খেলোছিলো, তারা আবার জনগণের গণতান্ত্রিক অধিকারকে নস্যাৎ করতে পারে। "জনগণের অধিকার যেন সন্যাৎ না হয় সেজন্য জনগণকে সতর্ক থাকতে হবে।" ২০০৭ সালের এই দিনে তৎকালীন শাসক গোষ্ঠীর ভ্র"কুটিকে উপেক্ষা করে শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ও রাজনৈতিক নেতৃবৃন্দ গণভবনে তাকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন। হাসিনা সেদিনের প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, "গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেদিন জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরেছিলাম। কারণ আমি বুঝতে পেরেছিলাম, দেশে ফিরে গণতন্ত্রের জন্য আন্দোলন-সংগ্রাম না করলে কোনদিনই শাসক গোষ্ঠী নির্বাচন দেবে না এবং গণতন্ত্রও আর ফিরে আসবে না।" ২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতা ছাড়ার পর পরের বছরের ২২ জানুয়ারি সংসদ নির্বাচন হওয়ার কথা ছিলো। কিন্তু নির্বাচন কমিশননের বিরুদ্ধে পক্ষপাত এবং ভোটার তালিকা নিয়ে অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় আওয়ামী লীগ। রাজনৈতিক হানাহানির এক পর্যায়ে ২০০৭ সালের জানুয়ারিতে জরুরি অবস্থা জারি হয়। জরুরি অবস্থায় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুই প্রধান রাজনৈতিক দলের নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। তা উপেক্ষা করে বিদেশ যান হাসিনা। ফিরতে বেশ কয়েকবার বাধা পাওয়ার পর ২০০৭ সালের ৭ মে দেশে ফেরেন হাসিনা। ওই দিনটি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করছে আওয়ামী লীগ। শুভেচ্ছা বিনিময়কালে হাসিনা দেশে ফেরায় তাকে সাহস যোগানো এবং জীবনের ঝুঁকি নিয়ে সেদিন বিমান বন্দরে উপস্থিত থাকার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "তারা সেদিন আমাকে যে সাহস যুগয়েছিল সেই সাহসে বলীয়ান হয়ে আমি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চলিয়ে নিয়ে যেতে সমর্থ হই।" তিনি জরুরি অবস্থা পরবর্তী তার বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, সেদিন নিজ দলের অনেক নেতাও তাকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছিলেন। এমন কি নেতা-কর্মীদের বিমান বন্দরে যেতে নিষেধ করেছিলেন। তারা এও বলেছিলেন, যদি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বিমান বন্দরে যায় তবে দল থেকে তাদেরকে বহিষ্কার করা হবে। হাসিনা দলীয় নেতা-কর্মীদের আবারো কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "আমি যখন বন্দী অবস্থায় ছিলাম, তখনও তারা জীবনের ঝুঁকি নিয়ে আমার মুক্তির জন্য সংগ্রাম করেছেন।" তিনি গণতন্ত্রের জন্য মৃত্যুভয়কে উপক্ষো করে সংগ্রাম চলিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, "কোন বাধাই আমাকে রুখতে পারবে না।" প্রধানমন্ত্রী সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ায় ভিশন-২০২১ বাস্তবায়নেরও অঙ্গীকার ব্যক্ত করেন। হাসিনার সঙ্গে দেখা করতে যাওয়া নেতাদের মধ্যে ছিলেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, মাহবুবুল আলম হানিফ, মন্ত্রী ফারুক খান, সৈয়দ আবুল হোসেন, রাজিউদ্দিন রাজু, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ইয়াফেস ওসমানসহ মন্ত্রিসভার সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টামন্ডলীর সদস্য, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলুসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দিনটি উপলক্ষে যুবলীগ বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে আলোচনা সভার আয়োজন করেছে। ২০০৭ সালে দেশে ফেরার কয়েকমাস পর গ্রেপ্তারও হয়েছিলেন হাসিনা। তারপর গ্রেপ্তার করা হয় বিএনপি প্রধান খালেদাকেও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/এমআই/এইচএ/১৮০৬ ঘ.