ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিপক্ষীয় বৈঠকে নৌযান শ্রমিকদের এক অংশের প্রস্তাবিত নতুন মজুরি কাঠামোয় দ্বিমত জানিয়ে শুক্রবার রাত থেকে ধর্মঘটের ঘোষণা দিয়েছে শ্রমিকদের আরেক অংশ।
শ্রম পরিদপ্তরে ২২ দফা নিয়ে বৃহস্পতিবার ওই ত্রিপক্ষীয় বৈঠক হয়। এতে সরকার ও মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের পক্ষ থেকে জাহাজী শ্রমিক ফেডারেশন, নৌযান শ্রমিক ইউনিয়ন, লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়ন ও নৌযান শ্রমিক ফেডারেশন আলোচনায় অংশ নেয়।
তবে শুরু হওয়ার কিছুক্ষণ পর বৈঠক ত্যাগ করে নৌযান শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরা।
নৌযান শ্রমিক ফেডারেশন শুক্রবার রাত ১২টা এক মিনিট থেকে ধর্মঘটের কর্মসূচির ঘোষণা দিয়েছে।
নতুন মজুরি কাঠামোর দাবিতে নৌ শ্রমিকরা নৌযান শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে কয়েক মাস ধরে আন্দোলন-ধর্মঘট চালিয়ে আসছিলো। গত ১৫ তারা ধর্মঘটও শুরু করে। গত ১৮ মার্চ শ্রমমন্ত্রীর বাড়িতে মালিক-শ্রমিক-সরকার ত্রিপক্ষীয় বৈঠকে দাবি পূরণের আশ্বাস পেয়ে ধর্মঘট তুলে নেওয়া হয়।
জাহাজী শ্রমিক ফেডারেশন ও মালিক সমিতির পক্ষ থেকে একটি নতুন মজুরি কাঠামো প্রস্তাব করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান অভ্যন্তরীন নৌচলাচল (যাপ) সংস্থার জ্যেষ্ঠ সহ-সভাপতি বদিউজ্জামান বাদল।
তিনি বলেন, "শ্রম সচিব, শ্রম পরিচালক ও শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টার এ বিষয়ে মধ্যস্থতা করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছবেন। এরপরই তা সরকারের কাছে গেজেট আকারে প্রকাশের জন্য জমা দেওয়া হবে।"
শ্রম পরিদপ্তরে দুপুরে শুরু হয়ে দিনব্যাপি চলা বৈঠক ফলপ্রসূ না হওয়ায় বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের জন্য বৃহস্পতিবার রাতেই শ্রমমন্ত্রীর বাসায় বৈঠক আহ্বান করা হয়েছে।
ধর্মঘটের ঘোষণা দেওয়া নৌযান শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরাও ওই বৈঠকে যোগ দেবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শহিদুল ইসলাম মজুমদার। তবে ফেডারেশনের কোষাধ্যক্ষ আব্দুল মালেক জানান, তারা মন্ত্রীর বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পাননি।
মালেক জানান, শ্রম পরিদপ্তরের বৈঠকে ২০০৪ সালের গেজেটের সুযোগ-সুবিধার সঙ্গে ৪৫-৬০ শতাংশ মজুরি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
২০০৪-এর পর থেকে শ্রমিক ও নৌযানকর্মীরা যে ইনক্রিমেন্ট বা বিশেষ ভাতা পেয়েছেন তা নতুন বেতনে যোগ হবে না বলে জানান মালেক। তার মতে, এতে শ্রমিকদের ৬০ শতাংশ বাড়ানোর কথা বলা হলেও কার্যত অনেকের মজুরি কমে যাবে।
তিনি বলেন, কাল (শুক্রবার) পর্যন্ত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের সুযোগ রয়েছে। না হলে শুক্রবার রাত ১২টা এক মিনিট থেকে ধর্মঘটে যাবে নৌযান শ্রমিক ফেডারেশন।
জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি শুক্কুর মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রম পরিদপ্তরে সরকারের মধ্যস্থতায় অনুষ্ঠিত শ্রমিক ও মালিকদের বৈঠকে একটি সংগঠন ছাড়া অন্যদের মধ্যে সমঝোতা হয়েছে। এতে একটি নতুন মজুরি কাঠামো তৈরি করা হয়েছে।"
নৌযান শ্রমিক ফেডারেশন তাদের দাবি মানা না হওয়ায় বৈঠক ছেড়ে চলে গেছে বলে জানান শুক্কুর। তিনি বলেন, "তারা শুক্রবার রাত ১২টা এক মিনিট থেকে কর্মসূচি ঘোষণা করেছে।"
নৌযান শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিদের বৈঠক ছেড়ে যাওয়া প্রসঙ্গে শ্রম পরিদপ্তরের পরিচালক আবু তালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা কিছু বিষয়ে দ্বিমত পোষণ করে বৈঠক থেকে চলে গেছে। তবে এ নিয়ে এখনো কাজ চলছে।
তিনি জানান, শ্রম পরিদপ্তরের বৈঠকে নির্ধারিত মজুরি কাঠামো মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারাই এ ব্যাপারে গেজেট প্রকাশসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২২৩৯ ঘ.
bdnews24