২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা ও তার ছেলে এত টাকা কোথায় পেলেন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান বিপুল পরিমান কালো টাকা সাদা করেছেন। দুর্নীতি না করলে এত টাকা তারা কোথায় পেলেন?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2010, 03:51 PM

Updated : 24 Aug 2022, 09:11 PM

বরগুনা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান বিপুল পরিমান কালো টাকা সাদা করেছেন। দুর্নীতি না করলে এত টাকা তারা কোথায় পেলেন? তিনি বলেন, "বিএনপি ভোট চুরি করে ক্ষমতায় গিয়ে জনগণের সম্পদ লুট করেছে। এক কোটি ২৩ লাখ ভূয়া ভোটার করে ওরা আবার ক্ষমতায় আসতে চেয়েছিল। কিন্তু জনগণ তা সফল হতে দেয়নি।" বৃহস্পতিবার দুপুরে বরগুনা সার্কিট হাউস মাঠে ন্যাশনাল সার্ভিস কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী সাতজনের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে ন্যাশনাল সার্ভিস কার্যক্রম উদ্বোধন করেন। কুড়িগ্রামের পর বরগুনায় এ কার্যক্রম চালু করা হলো। বেকারদের কর্মসংস্থানে নেওয়া প্রকল্প ন্যাশনাল সার্ভিসের আওতায় বরগুনায় প্রথম ধাপে চার হাজার জনকে চাকরি দেওয়া হচ্ছে। গোপালগঞ্জে প্রকল্পটি প্রক্রিয়াধীন রয়েছে। ন্যাশনাল সার্ভিসের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, এ কর্মসূচি ছিল মহাজোটের নির্বাচনী প্রতিশ্র"তি। তিনি ওই প্রতিশ্র"তি বাস্তবায়ন করতে এসেছেন। দেশের বিভিন্ন সংকটের জন্য বিএনপি-জামায়াত জোট সরকারকে দায়ী করে তিনি বলেন, "তাদের পাঁচ বছরের শাসনামলে জাতীয় গ্রিডে এক মেগাওয়াট বিদ্যুৎও যোগ হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলো জোট সরকার বাতিল করার ফলে এখন এই বিদ্যুৎ সংকট মোকাবিলা করতে হচ্ছে।" মহাজোট সরকার বিদ্যুৎ খাতের সার্বিক উন্নয়নে একটি বাস্তবমুখী কর্ম পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে, বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মহাজোট সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনকল্যাণে কাজ করে যাবে। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে উপজেলা ও গ্রাম পর্যায়ে তথ্য ও প্রযুক্তিগত সুবিধা ছড়িয়ে দেওয়া হচ্ছে। দুপুর সোয়া ৩টায় থেকে প্রায় ২০ মিনিটের বক্তৃতায় প্রধানমন্ত্রী বরগুনা-বেতাগী-বাকেরগঞ্জ আঞ্চলিক সড়ক, পটুয়াখালী-আমতলী-কুয়াকাটা সড়ক, পাথরঘাটা-মঠবাড়িয়া-খুলনা মহাসড়ক এবং পায়রা ও লেবুখালী নদীর ওপর সেতু নির্মাণসহ জেলার উন্নয়নে বিভিন্ন প্রতিশ্র"তি দেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান, বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরণ, হুইপ আ স ম ফিরোজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম প্রমুখ। প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে করে বরগুনায় আসেন। তিনি দুপুর সাড়ে ১২টায় সার্কিট হাউসে আসেন। সেখানে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। জনস্বার্থে সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়ে গাফিলতি বা অস্বচ্ছতা মেনে নেওয়া হবে না বলে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের সতর্ক করে দেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহবান জানান তিনি। এরপর প্রধানমন্ত্রী 'বরগুনা জেলার ইতিহাস' নামক গ্রন্থের মোড়ক উম্মোচন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩২ ঘ.