রংপুর, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আহত অবস্থায় ভর্তি হওয়া একজন প্রতিবন্ধীসহ দুই ভাইকে জোর করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক চিকিৎসকের বিরুদ্ধে।
এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রংপুর প্রতিনিধির ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং তাকে মারতে তেড়ে আসেন ডা. জাহিদুল ইসলাম নামের ওই চিকিৎসক।
এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আহত একজন প্রতিবন্ধীকে এভাবে হাসপাতাল থেকে রাতের বেলায় বের করে দেওয়া অমানবিক।"
সংবাদ সংগ্রহের সময় ডা. জাহিদুলের অশালীন আচরণের জন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং রোগীদের স্বজনরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গত ১ মে আহত হন রংপুরের পীরগাছা উপজেলার দেউতিকালি বাড়ি গ্রামের নুর মোহাম্মদের ছেলে প্রতিবন্ধী আশরাফ আলী ও তার ভাই নুরন্নবীসহ পরিবারের কয়েকজন।
আশরাফ ও নুরন্নবীকে পরদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা দুজনই হাসপাতালের ৬ নম্বর অর্থপেডিকস ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এ অবস্থায় বুধবার রাত ৯টায় ওই ওয়ার্ডের চিকিৎসক ডা. জাহিদুল তাদের ছাড়পত্র দিয়ে দেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি লিয়াকত আলী বাদল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখেন দুই ভাই হাসপাতাল ক্যাম্পাসে একটি গাছের নিচে শুয়ে কাতরাচ্ছেন।
আশরাফ অভিযোগ করেন, তার বড় ভাই নুরন্নবীর ডান পায়ে প্লাষ্টার করা। ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে। তারপরেও ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. জাহিদুল তাদের ছাড়পত্র দিয়ে দেন। রাতটা হাসপাতালে থেকে সকালে যেতে চাইলেও নার্সদের দিয়ে জোর করে ওয়ার্ড থেকে তাদের বের করে দেওয়া হয়। এমনকি বারান্দায়ও তাদের থাকতে দেওয়া হয়নি।
তিনি জানান, রাতে বৃষ্টি শুরু হলে তারা হাসপাতাল ক্যাম্পাসের এ গাছে নিচে আশ্রয় নেন। তারা এখনো পুরোপুরি সুস্থ হননি।
আশরাফ ও তার ভাই এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসকের বিচার দাবি করেন।
সকাল সোয়া পৌনে ১০টার দিকে হাসপাতালের অর্থপেডিকস ওয়ার্ডের ছবি তুলতে গেলে কর্তব্যরত সহকারী অধ্যাপক ডা. জাহিদুল ইসলাম বাধা দেন। ছবি তুলতে না দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিকে গালাগাল করতে এবং মারতে তেড়ে আসেন। এক পর্যায়ে তার ভিডিও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ডা. জাহিদুল। তার সঙ্গে কয়েকজন চিকিৎসকও যোগ দেন।
হাসপাতালের পরিচালক ডা. আনিসুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডাক্তার কাকে রিলিজ দেবে এটা তার ব্যাপার। তারপরও আমি তাদের (আহত দুই ভাই) আবারো হাসপাতালে ভর্তি হতে বলেছি।"
ছবি তোলার ওপর কোনো নিষেধাজ্ঞা না থাকলেও তার অনুমতি ছাড়া ছবি নেওয়া যাবে না বলে জানান তিনি।
তবে ডা. আনিসুল হক বলেন, চিকিৎসকের অশালীন আচরণের বিষয়টি তিনি দেখবেন।
রংপুর জেলা বিএমএ সভাপতি ডা. দেলোয়ার হোসেন বলেন, "ডা. জাহিদুলের আচরণে আমরাও ক্ষুব্ধ। একজন চিকিৎসকের এ ধরনের অশালীন আচরণ দুঃখজনক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএসবি/২০৩৫ ঘ.
bdnews24