২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা চেয়ারম্যান-নির্বাহীর কাজের নির্দেশিকা শিগগির

১৫ কার্যদিবসের মধ্যে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাজের সমন্বিত নির্দেশিকা তৈরি করবে স্থানীয় সরকার বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2010, 02:30 PM

Updated : 24 Aug 2022, 09:12 PM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫ কার্যদিবসের মধ্যে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাজের সমন্বিত নির্দেশিকা তৈরি করবে স্থানীয় সরকার বিভাগ। বৃহস্পতিবার সাংবাদিকদের এতথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ। উপজেলা আইন অনুযায়ী দপ্তর হস্তান্তর তদারকি সংক্রান্ত জাতীয় কমিটির প্রধান আজিজ কমিটির নিয়মিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তিনি জানান, ১৩টি মন্ত্রণালয় ও বিভাগের উপজেলা পর্যায়ের সংস্থা বা দপ্তর উপজেলা পরিষদে হস্তান্তরে নীতিমালা এবং স্থানীয় পর্যায়ের উন্নয়ন বিষয়ক কর্মপরিকল্পনা তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। ইউএনওকে উপজেলা পরিষদের আর্থিক বিষয়গুলো দেখশোনার মতা দিয়ে 'মুখ্য নির্বাহী কর্মকর্তা' করার প্রস্তাব গত ১৯ এপ্রিল নীতিগতভাবে অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠকে ওই প্রস্তাব অনুমোদন হয়ে বলে সেদিন সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। "উপজেলা পরিষদ আইনে উপজেলা চেয়ারম্যান ও ইউএনওদের কার্যক্রমের দায়িত্ব বণ্টন করা হয়েছে," জানিয়ে বৃহস্পতিবার আবদুল আজিজ সাংবাদিকদের বলেন, "এ সংক্রান্ত বেশ কিছু বিধিমালা বা নির্দেশিকা মন্ত্রণালয় থেকে করা হয়েছে। এসব সমন্বিত আকারে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এ কাজ শেষ করবে স্থানীয় সরকার বিভাগ।" উপজেলা পর্যায়ে উন্নয়ন কাজে স্থবিরতার অভিযোগ স্বীকার করে মন্ত্রিপরিষদ সচিব জানান, যথাযথ উন্নয়ন পরিকল্পনা এবং সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় এসব কার্যক্রম জোরদার করা সম্ভব হচ্ছে না। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, স্থানীয় সরকার সচিব মনজুর হোসেন, ভূমি সচিব আতহারুল ইসলাম ও কৃষি সচিব সিকিউকে মোসতাক আহমেদসহ সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। সচিব আজিজ জানান, দপ্তর হস্তান্তরে দ্রুততম সময়ের মধ্যে নীতিমালা তৈরি করে মন্ত্রিপরিষদে জমা দিতে স্থানীয় সরকার সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, উপজেলা পরিষদের আয়ের উৎস্যগুলো সুনির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। এতে ভূমি উন্নয়ন করের দুই শতাংশসহ স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তর ফি ও ভূমি নিবন্ধণ ফিসহ কিছু বিষয় উপজেলায় ন্যস্ত করা হচ্ছে। এ ব্যাপারে ইতোমধ্যেই আইন মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, আগে হাট-বাজার ব্যবস্থাপনার দায়িত্ব ইউএনওর ছিলোেে। এত্র নতুন নিয়মে ইউএনও সব প্রস্তুতি সম্পন্ন করে উপজেলা চেয়ারম্যানের কাছে সুপারিশ জমা দেবেন। উপজেলা চেয়ারম্যানের অনুমোদনের পরই তা সংশ্লিষ্টদের কাছে ইজারা দেওয়া হবে। এতে উপজেলা পর্যায়ে চেয়ারম্যান ও ইউএনওদের মধ্যে দূরত্ব কমে আস্থার পরিবেশ সৃষ্টি বলে আশা প্রকাশ করেন তিনি। উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সচিব আজিজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২০১৮ ঘ.