শরীয়তপুর, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের জেরে শরীয়তপুরের দুই উপজেলায় দুই শিশু খুন হয়েছে।
পুলিশ জানিয়েছে, জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের পৈলান মোল্লারকান্দি গ্রামে বুধবার রাতে মা মনিতারা বেগম আড়াই বছর বয়সী মেয়ে নাছরিনকে নিজ হাতে কুপিয়ে ও জবাই করে খুন করেন।
এলাকাবাসী মনিতারাকে আটক করে জাজিরা থানায় সোপর্দ করেছে।
নড়িয়া উপজেলার চাকধ গ্রামের নীলচাঁন মাদবরের ছেলে বারেক মাদবর বৃহস্পতিবার সকালে তার সাত মাসের মেয়ে বিউটি আক্তার কেয়ামনিকে মাটিতে আছড়ে হত্যা করেছেন।
এসব ঘটনায় এলাকা দুটিতে শোকের ছায়া নেমে এসেছে।
জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম সাংবাদিকদের জানান, পৈলান মোল্লারকান্দি গ্রামের মো. হাকিম হাওলাদারের ছেলে মো. নাছির হাওলাদার বিয়ের কিছুদিন পরে নাছরিনকে স্ত্রী মনিতারার গর্ভে রেখে সৌদি আরব যান। কিছুদিন হলো নাছির বিদেশ থেকে সবার সঙ্গে যোগাযোগ রাখলেও স্ত্রীর সঙ্গে রাখছিলেন না।
তিনি বলেন, সর্বশেষ বুধবার বিকালে নাছির টেলিফোনে বাড়ির সবার সঙ্গে কথা বললেও স্ত্রীর সঙ্গে বলেননি। এতে মনিতারা ক্ষুব্ধ হয়ে রাত ৮টার দিকে একমাত্র মেয়ে নাছরিনকে প্রথমে কুপিয়ে এবং পরে জবাই করে হত্যা করেন।
এ ঘটনায় নাছরিনের দাদা হাকিম মনিতারাকে আসামি করে জাজিরা থানায় হত্যা মামলা করেছেন।
নড়িয়া থানার ওসি আবুল খায়ের ফকির সাংবাদিকদের জানান, চাকধ গ্রামের বারেক মাদবর পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার সকালে তার সাত মাসের মেয়ে কেয়ামনিকে মাটিতে আছাড় মারলে ঘটনাস্থালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা পারভিন আক্তার স্বামী বারেককে আসামি করে নড়িয়া থানায় হত্যা মামলা করেছেন।
ঘটনার পর বারেক পলিয়েছে।
ময়না তদন্তের জন্য লাশ দুটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২০৯ ঘ.
bdnews24