ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চকরিয়ায় বুধবার সকালে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
একইদিন শেরপুর সদরে একজনের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কক্সবাজার প্রতিনিধি জানান, সকালে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের সংরক্ষিত পাহাড়ি এলাকায় নিহত ব্যক্তির নাম মোহাম্মদ মোসাদ্দেক (৪৫)।
তাকে হত্যার পর বিদ্যুতের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় বলে পুলিশ জানিয়েছে।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ জসীম উদ্দিন জানান, নিহত মোসাদ্দেক চট্টগ্রাম থাকতেন। মঙ্গলবার তিনি বাড়ি আসেন।
পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি জানান, মোসাদ্দেক ওই এলাকার একটি বাগান থেকে গাছ কেটে আরেকজনের বাড়িতে জমা রাখেন। ব্যাপারটি বাগানের মালিক জানতে পেরে ওই বাড়ি থেকে গাছটি নিয়ে যায়।
সোমবার সকালে মোসাদ্দেক ওই বাড়িতে গিয়ে গাছটি না পেলে বাড়ির মালিকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়।
এর কোনো এক পর্যায়ে কিছুর আঘাতে মোসাদ্দেকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শেরপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার কুলুর চর বেপারীপাড়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে দুপুরে উদ্ধার করা হয় মৃদুল মিয়ার (৩০) লাশ।
মৃদুল জামালপুর জেলার মুকন্দবাড়ীর এলাকার ছোরহাব আলীর ছেলে। তাকে খুন করে লাশ ফেলে রেখেছে বলে পুলিশ ধারণা করছে।
শেরপুর সদর থানার উপ-পরিদর্শক অচিন্ত্য দেবনাথ জানান, চারদিন আগে বাড়ি থেকে বের হয়ে মৃদুল আর বাড়ি ফেরেনি। সকালে কৃষকেরা ক্ষেতে ধান কাটতে গিয়ে তার গলিত লাশ দেখতে পায়।
নিহতের পরনের গেঞ্জি ও প্যান্ট দেখে তার ভাই রিপন লাশ সনাক্ত করেন। এই ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৯ ঘ.
bdnews24