মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারেজ, বাঁধ, সড়ক, বন, রেললাইন, বসতভিটাসহ গুরুত্বপূর্ণ স্থাপনার এক কিলোমিটার সীমানার মধ্যে বালু ও মাটি উত্তোলন করা যাবে না। এছাড়া পাম্প বা ড্রেজিংয়ের মাধ্যমে কোনোভাবেই ভূগর্ভস্থ মাটি ও বালু তোলার অনুমতিও দেবে না সরকার।
পরিবেশ বিপর্যয় রোধে এমন বিধি-নিষেধ আরোপ করে প্রথমবারের মতো সরকার 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' প্রণয়ন করছে।
এ আইন লঙ্ঘন করে পাহাড়, নদী, খাল, বাগানসহ যে কোনো জায়গা থেকে অনুমতি ছাড়া মাটি ও বালু উত্তোলন করলে সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড ও সর্বনিু ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা জরিমানা করা হবে।
আগে বালুমহাল ইজারায় কয়েকটি মন্ত্রণালয় সংশ্লিষ্ট থাকলেও এবার ভূমি মন্ত্রণালয়ই একক সিদ্ধান্ত দেবে।
রোববার ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতীয় স্বার্থের কথা বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রস্তাবিত আইনটি হচ্ছে। নদী ভাঙনসহ পরিবেশ বিপর্যয় রোধে শাস্তির বিধান রাখা হয়েছে।"
ভূমি মন্ত্রী জানান, বর্তমানে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে পাহাড়, নদী, খাল-বিল, নদীর চর ও চা বাগানে বালু উত্তোলন চলছে। এছাড়া অনুমোদনহীনভাবে মাটি উত্তোলনের ফলে দেশের কৃষিজমি নষ্ট হচ্ছে। এছাড়া অনেক এলাকার ব্রিজ ও স্কুলসহ অনেক স্থাপনা ধ্বংস হয়েছে।
এ অবস্থায় 'বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' গত ১৯ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়। আগামী সংসদ অধিবেশনে তা বিল আকারে উপস্থাপন হতে পারে বলে জানান মন্ত্রী।
ভূমি সচিব মো. আতাহারুল ইসলাম গত বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভায় বলেন, "আইন প্রণীত না হওয়া পর্যন্ত বালুমহাল থেকে বালু উত্তোলন প্রয়োজনে বন্ধ রাখতে হবে।"
যথাযথভাবে বালু ও মাটি উত্তোলন হচ্ছে কিনা তা তদারকি করারও তাগিদ দেন তিনি।
রোববার ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (আইন) নিখিল রঞ্জন মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমানে দেশে সাতশ'র মতো বালুমহাল রয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ ইজারা দেওয়া হয়েছে।"
আইনে আরো যা আছে
ইজারার মেয়াদ: বালুমহাল ইজারার মেয়াদ হবে এক বছর। মেয়াদকাল প্রতি বাংলা সনের পহেলা বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত।
উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বালুমহাল ইজারা দিতে হবে। প্রয়োজনে ই-টেন্ডারিং এর ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ে ইজারা দেওয়া সম্ভব না হলেও কোনো ধরনের খাস আদায় করা যাবে না বালুমহালের।
একক কর্তৃপক্ষ: চর এলাকা বা যে কোনো স্থলভাগ থেকে সরকার বালু ও মাটি ইজারা দেওয়ার ক্ষেত্রে এবং সরকারি যে কোনো কর্তৃপক্ষ নদী, নদীবন্দর, সমুদ্রবন্দর, খাল-বিল প্রভৃতি স্থান থেকে উত্তোলিত বালু/মাটির বিপণনের প্রয়োজন দেখা দিলে বিপণনের একক কর্তৃপক্ষ হবে ভূমি মন্ত্রণালয়।
আগে বন্দর আইন ১৯০৮, বন্দর বিধিমালা ১৯৬৬, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ অধ্যাদেশ ১৯৫৮, খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন ১৯৯২ এবং খনি ও খনিজ সম্পদ বিধিমালা ১৯৬৮, ২০০৪ সালের প্রজ্ঞাপন এবং ২০০৫ সালের এক সরকারি আদেশ মেনে বালুমহাল ও মাটি ইজারা দেওয়া হতো। এতে সমন্বয়হীনতা ছিল।
নতুন আইন জারি হওয়ার সঙ্গে সঙ্গে আগের সব আইন-বিধি ও প্রজ্ঞাপন বাতিল হয়ে যাবে।
নিষেধাজ্ঞা: প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা থেকে বালু ও মাটি উত্তোলন করা যাবে না। কোনো অবস্থায়ই ভূগর্ভস্থ বালু ও মাটি পাম্প বা ড্রেজিংয়ের মাধ্যমে উত্তোলনের অনুমতি দেওয়া যাবে না।
চা বাগান কিংবা পাহাড় বা টিলার ক্ষতি হতে পারে- এমন স্থানেও বালু-মাটি উত্তোলনে নিষেধাজ্ঞা আরোপ রয়েছে।
তবে বিদেশে বালু রপ্তানির ক্ষেত্রে দেশের বালুমহাল ও নদীগুলোর ভূ-প্রাকৃতিক পরিবেশ অক্ষুন্ন রেখে ভূমি মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে পারবে। ইজারাদারকেও ভূ-প্রাকৃতিক পরিবেশ, উদ্ভিদ ও জলজ সম্পদ যাতে বিনষ্ট না হয় সে দিকে খেয়াল রাখতে বলা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (আইন) নিখিলরঞ্জন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বালু উত্তোলনে নদী ভাঙন রোধে ঢাল সংরক্ষণ সাপেক্ষে বাল্কহেড বলগেট ড্রেজার ব্যবহার নিষিদ্ধ করে সুইং এর মাধ্যমে নির্দিষ্ট ড্রেজার ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
বালু ও মাটি উত্তোলনে নদী ভাঙনের আশংকা থাকলে সেক্ষেত্রে উত্তোলন বা ড্রেজিংয়ের অনুমতি দেওয়া যাবে না। পানি উন্নয়ন বোর্ডের সেচ, পানি নিষ্কাশন, বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙনরোধে চিহ্নিত এলাকায়ও কোনো অনুমতি দেওয়া যাবে না।
সরকার জনস্বার্থে প্রয়োজন মনে করলে শর্ত শিথিল করতে পারে।
জেলা প্রশাসকের সুনির্দিষ্ট প্রস্তাবের পর পরিবেশের ক্ষতি না হলে ভূমি মন্ত্রণালয়ের পক্ষে বিভাগীয় কমিশনার বালুমহাল ঘোষণায় অনুমতি দেবেন। বালু/মাটি না থাকলে বা পরিবেশ ও জনস্বার্থ বিঘি
bdnews24